ছিন্নমূল ও আশ্রিত মানুষকে খাবার বিলাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। আজ শনিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গাজীপুর আশ্রয়কেন্দ্রে
ছিন্নমূল ও আশ্রিত মানুষকে খাবার বিলাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। আজ শনিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গাজীপুর আশ্রয়কেন্দ্রে

পকেট খরচ বাঁচিয়ে ৩০০ অসহায় মানুষকে খাওয়ালেন তরুণেরা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গাজীপুর আশ্রয়কেন্দ্রের প্রায় ৩০০ দরিদ্র, দুস্থ ও ছিন্নমূল মানুষের জন্য বিশেষ খাবারের আয়োজন করেন একদল স্বেচ্ছাসেবী তরুণ। নিজেদের পকেট খরচ বাঁচিয়ে জোগাড় করা অর্থে রান্না করা খাবার আজ শনিবার বেলা ১১টার দিকে আশ্রয়কেন্দ্রের বাসিন্দাদের মধ্যে পরিবেশন করা হয়।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস জোন সোসাইটির উদ্যোগে এ আয়োজন করা হয়। সংগঠন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংগঠনের সদস্যরা নিজেদের অর্থে ৬০ কেজি গরুর মাংস, পোলাওয়ের চাল, ভাতের চাল, ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী কিনে রান্না করেন। পরে সেগুলো গাজীপুর আশ্রয়কেন্দ্রে নিয়ে গিয়ে বাসিন্দাদের পরিবেশন করা হয়।

খাবার প্রস্তুত ও পরিবেশন কার্যক্রমে সংগঠনের সভাপতি মো. ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল খান, জ্যেষ্ঠ সহসভাপতি আশিকুর রহমানসহ অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন।

মো. ফয়সাল আহমেদ বলেন, সংগঠনের অধিকাংশ সদস্যই শিক্ষার্থী। তাঁরা ব্যক্তিগত খরচ থেকে সাশ্রয় করে এ উদ্যোগের জন্য অর্থ সংগ্রহ করেছেন। মানবিক দায়িত্ববোধ থেকেই তাঁরা আশ্রয়কেন্দ্রের বাসিন্দাদের জন্য খাবারের আয়োজন করেছেন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা আছে।

আশ্রয়কেন্দ্রের বাসিন্দা রহিমা বেগম (৬০) বলেন, ‘অনেক দিন ধইরা ভালামন্দ খাই না। অভাবের লইগা ঠিকমতো ভাত-ডাইলই পাতে জোডে না। অনেক দিন পর পেট ভইরা ভালা খাওন খাইলাম, খুব শান্তি লাগতাছে। যারা এই খাওন খাওয়াইছে, তাগো লইগা দোয়া করি।’

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, গরিব ও অসহায় মানুষের জন্য এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। স্বেচ্ছাসেবীরা মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।