
পঞ্চগড় সদরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ সময় ওই মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। আজ শুক্রবার সকালে উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা বন্ধুদের সঙ্গে কাঞ্চনজঙ্ঘা দেখে মোটরসাইকেলযোগে ঠাকুরগাঁওয়ে ফিরছিলেন।
নিহত যুবকের নাম মোস্তাফিজুর রহমান ওরফে রাসেল (৩২)। তিনি ঠাকুরগাঁও জেলা শহরের হাজিপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে। আহত ব্যক্তির নাম মিলন হোসেন (৩১)। তিনি একই এলাকার ইব্রাহিম খলিলের ছেলে।
মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায় এবং আরোহী দুজন ছিটকে সড়কের ওপরে পড়ে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাফিজুর ও মিলন বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলযোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আসেন। সেখানে রাত্রী যাপন করে আজ সকালে তাঁরা কাঞ্চনজঙ্ঘা দেখে মোটরসাইকেলযোগে ঠাকুরগাঁওয়ে ফিরছিলেন। পথে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের চারমাইল-পাথরঠাকুর এলাকায় একটি যাত্রীবাহী বাসকে অতিক্রম করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোস্তাফিজুর ও মিলনের মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায় এবং আরোহী দুজন ছিটকে সড়কের ওপরে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মোস্তাফিজুরের মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী ট্রাকটি নিয়ে পালিয়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত মিলনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ছাড়া একটি মামলা করারও প্রক্রিয়া চলছে।