
‘ছাগল চুরি থেকে ব্যাংকের রিজার্ভ চুরি, সবকিছু আওয়ামী লীগের দখলে। রাতের আঁধারে মানুষের ভোট চুরির কথা তো বাদই দিলাম। রাষ্ট্রে পবিত্রতা কোথায়, সরকারের পবিত্রতা কোথায়, এমন প্রশ্ন এখন সবার।’
আজ সোমবার দুপুরে ‘আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপকথা এবং ব্যাখ্যা-বিশ্লেষণ’ শিরোনামে এক সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এসব কথা বলেন।
মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করে জেলা বিএনপি।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, রাষ্ট্রকে এমনভাবে ভাঙা হয়েছে, যেখানে আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ—সবকিছুই আওয়ামী লীগ নিয়ন্ত্রিত। তারা ভুলে গেছে, রাষ্ট্র আলাদা জিনিস, সরকার আলাদা জিনিস, সাংবিধানিক প্রতিষ্ঠান আলাদা জিনিস, রাজনৈতিক দল আলাদা জিনিস। সরকার চারটি প্রতিষ্ঠানকে একাকার করে ফেলেছে। চারটি কখনো এক হতে পারে না। রাষ্ট্র হচ্ছে চিরন্তন সত্য। সরকার একটি সামরিক বিষয়। সরকার এখন আছে পাঁচ বছর, পরে না-ও থাকতে পারে। দল আরেকটা জিনিস, দল সরকার ও রাষ্ট্র পরিচালনায় অপরারপর রাজনৈতিক দলকে একত্র করে।
বিএনপির এই যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, সমাজের এমন কোনো জায়গা নেই, যেখানে ক্ষত সৃষ্টি করেনি সরকার। ব্যাংকের রিজার্ভ চুরি করেছে সরকার। ইসলামী ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার কোটি টাকা লুটে নিয়েছে তারা। হাজার হাজার কোটি টাকা চুরি তাদের জন্য কোনো বিষয় নয়। একজন জেলা ছাত্রলীগের সভাপতির কাছে দুই হাজার কোটি টাকা পাওয়া যায়। মাত্র কিছুদিন আগেই চোরাই গরুসহ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার হয়েছেন। এর আগে ছাগল চুরির অভিযোগে ছাত্রলীগের নেতারা গ্রেপ্তার হয়েছেন। এ জন্য মানুষ বিকল্প শক্তি হিসেবে বিএনপিকে দেখতে চায়।
সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম (আজাদ), দলের স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী (সপু), মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন আহমদ, শহর বিএনপির আহ্বায়ক এ কে এম ইরাদত (মানু) প্রমুখ।