মহিষের লড়াই দেখতে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক সংসদ সদস্য বদি

আবদুর রহমান বদি
আবদুর রহমান বদি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় মহিষের লড়াই দেখতে গিয়ে অল্পের জন্য মহিষের আক্রমণ থেকে রক্ষা পেয়েছেন কক্সবাজার-৪ আসনের (উখিয়া ও টেকনাফ) সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি। আজ রোববার বিকেলে উপজেলার মহেষখালিয়া পাড়ার মেরিন ড্রাইভ সড়কের পাশে এ ঘটনা ঘটে।

মাদক কারবারিদের পৃষ্ঠপোষকতা, দুর্নীতি মামলাসহ নানা কারণে বিভিন্ন সময়ে আলোচিত-সমালোচিত টেকনাফ-উখিয়ার সাবেক এ সংসদ সদস্য। অল্পের জন্য মহিষে পদদলিত হওয়া থেকে প্রাণে বেঁচে যান তিনি। ইতিমধ্যে আবদুর রহমান বদিকে মহিষের তাড়া করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গেছে, এক জোড়া মহিষ লাল শার্ট পরিহিত আবদুর রহমান বদিকে হঠাৎ আক্রমণ করে। এ সময় একটি মহিষের ধাক্কায় মাটিতে বসে পড়েন বদি। এরপর দুটি মহিষ তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ বিকেল চারটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালিয়া পাড়ার মেরিন ড্রাইভ সড়কের পাশে আবদুর রহমান বদির নিজস্ব জমিতে মহিষের লড়াইয়ের আয়োজন করা হয়। লড়াইয়ে অংশ নেন টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবু ছৈয়দের ছেলে আবদুল্লাহর মালিকানাধীন এক জোড়া মহিষ। লড়াইরত অবস্থায় হঠাৎ মহিষ দুটি বদিকে আক্রমণ করে।

মহিষের মালিক আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির অনুরোধে তিনি মহিষ দুটি নিয়ে লড়াইয়ে অংশ নেন। মহিষ স্বাভাবিকভাবে লাল কাপড় অপছন্দ করে। সাবেক সংসদ সদস্য লাল টি–শার্ট পরিহিত থাকায় এ অস্বাভাবিক ঘটনা ঘটেছে। তবে এতে তিনি জখম হননি।

আবদুর রহমান বদি প্রথম আলোকে বলেন, ‘ছোট থেকে আমি মহিষের লড়াই দেখতে খুবই পছন্দ করতাম। তারই ধারাবাহিকতায় আজ মহিষের লড়াই দেখতে যাই। একপর্যায়ে আমাকে একটি মহিষ ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়ায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি। এলাকাবাসীর দোয়ায় প্রাণে রক্ষা পেয়েছি।’ তিনি বলেন, জোড়া মহিষে পদদলিত হওয়ার কারণে সামান্য আঘাত পেলেও তিনি সুস্থ আছেন।