
নাটোরে ১০ বছর আগে এক স্কুলছাত্রীকে ধর্ষণে সহযোগিতা করার দায়ে এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নাটোরের শিশু আদালতের বিচারক (দায়রা জজ) মুহাম্মদ আবদুর রহিম এ আটকাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বর্তমানে তরুণ বয়সী হলেও ঘটনার সময় কিশোর ছিলেন। তাঁর বাড়ি জেলার বড়াইগ্রাম উপজেলায়।
নাটোরের শিশু আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২ মে রাতে বড়াইগ্রামে এক স্কুলছাত্রীকে ১৫ বছরের এক কিশোরের সহযোগিতায় সোহেল রানা (২৫) নামের এক তরুণ ধর্ষণ করেন। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় মামলা হলে উপপরিদর্শক (আটকাদেশ) শাহজাহান আলী তদন্ত করে সোহেলের বিরুদ্ধে অভিযোগপত্র ও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ওই কিশোরের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করেন।
সোহেল রানার বিচার শুরু হয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে। বিচারের একপর্যায়ে একটি আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিভিশন করে তাঁর বিচার কার্যক্রম স্থগিত করেন। তবে শিশু আদালতের মামলায় অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে সম্প্রতি সাক্ষ্য গ্রহণ শেষ হয়। সাক্ষ্যপ্রমাণে দোষী প্রমাণিত হওয়ায় আদালত আজ দুপুরে অভিযুক্ত কিশোরকে ১০ বছরের আটকাদেশ দেন। রায় ঘোষণার আগে তাঁর আইনজীবী হাজিরা জমা দিলেও রায় ঘোষণার সময় তিনি পালিয়ে যান।
শিশু আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি আনিছুর রহমান বলেন, ২০১২ সালের ২ মে ঘটনার সময় আজকের দণ্ডিত ব্যক্তির বয়স ছিল ১৫ বছর। এ কারণে তাঁর বিচার শিশু আদালতে হয়েছে। তবে বর্তমানে তাঁর বয়স ২৫ বছর হওয়ায় তাঁকে সংশোধনাগারে না পাঠিয়ে কারাগারে পাঠানোর রায় হয়েছে। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে। গ্রেপ্তার হলে বা তিনি আত্মসমর্পণ করলে তাঁকে সাজাভোগ করার জন্য কারাগারে পাঠানো হবে।