ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে নিহত ছোট ভাই মুহাম্মদ জয়নাল আবেদীন
ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে নিহত ছোট ভাই মুহাম্মদ জয়নাল আবেদীন

ফেসবুক আইডি ব্লক নিয়ে বিরোধ, ঝগড়া থামাতে গিয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে ফেসবুক আইডি ব্লক করাকে কেন্দ্র করে দুই ব্যক্তির ঝগড়া থামাতে গিয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বাগান বাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বালুটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মুহাম্মদ জয়নাল আবেদীন (৩২)। তিনি ওই এলাকার বাসিন্দা। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই মুহাম্মদ জাফরকে (৩৫) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেসবুক আইডি ব্লক করা নিয়ে একই গ্রামের বাসিন্দা মুহাম্মদ শাহাজাহানের সঙ্গে জাফরের বিরোধ হয়। এ নিয়ে বাড়ির পাশের একটি চায়ের দোকানে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।

এ সময় দুই পক্ষকে থামানোর চেষ্টা করেন জাফরের ছোট ভাই জয়নাল। একপর্যায়ে জাফর ছুরি দিয়ে জয়নালকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করার চেষ্টা করলেও অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য ছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জয়নালের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে প্রথম আলোকে বলেন, ফেসবুক আইডি ব্লক করাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির বড় ভাই জাফরকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।