সিলেটে আরও বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে উষ্ণতাও

বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে গন্তব্যে ছুটছে দুই শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে সিলেট নগরের বারুতখানা এলাকায়
 ছবি: আনিস মাহমুদ

সিলেটে চলতি মাস ও আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আরও বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সঙ্গে উষ্ণতাও বৃদ্ধি পাবে। সম্প্রতি দৈনিক বৃষ্টির পরিমাণ ৬০ থেকে ৬৫ মিলিমিটার হলেও সেটি ৬৯ মিলিমিটার পর্যন্ত বাড়তে পারে। আজ বৃহস্পতিবার সিলেট আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে সিলেট পানি উন্নয়ন বোর্ডের সূত্র জানায়, ১০ সেপ্টেম্বরের পর সিলেটের কিছু নদ-নদীর পানি বেড়েছে। তবে কোনো নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে ওঠেনি। ওই দিন সিলেটের সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার নিচে ৮ দশমিক ৭৮ সেন্টিমিটার পানি প্রবাহিত হয়। সেখানে আজ সকাল ছয়টায় পানি প্রবাহিত হয় ৮ দশমিক ৯৬ সেন্টিমিটার।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, চলতি মাসে আরও কয়েক দিন ভারী বর্ষণ হতে পারে। এটি স্বাভাবিক। চলতি মাস ও অক্টোবরের প্রথম সপ্তাহ শেষে বৃষ্টিপাত কমে যাবে।

সিলেট আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, সাধারণত জুন থেকে সেপ্টেম্বরের শেষ দিক পর্যন্ত বর্ষা মৌসুম ধরা হয়। এ সময় ভারী বৃষ্টি হয়। বর্তমানে বর্ষাকাল শেষের দিকে। এ মাসের শেষ দিকে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। বর্ষা মৌসুম শেষের দিক অক্টোবরের প্রথম সপ্তাহেও প্রভাব ফেলতে পারে। বৃষ্টিপাতের পাশাপাশি উষ্ণতা বাড়ার আশঙ্কা আছে। ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। আজ সকাল থেকে বেলা একটা পর্যন্ত দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আজ সকালে সিলেটের আকাশ রৌদ্রোজ্জ্বল থাকলেও দুপুর ১২টার দিকে থেমে থেমে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির ফাঁকে আবার রোদেরও দেখা মিলেছে।