
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের টাউনশিপ মাঠে আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে। বেলা একটায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওচমান শরীফের পরিচালনায় এ জনসভা শুরু হয়। বেলা ৩টা ৩৮ মিনিটে জনসভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন।
জনসভা উপলক্ষে সকাল থেকে দলীয় নেতা–কর্মী ও স্থানীয় বাসিন্দারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন। দুপুর ১২টা নাগাদ টাইনশিপ মাঠ জনসমুদ্রে পরিণত হয়। জনসভায় অন্তত তিন লাখ মানুষের সমাগম হয়েছে বলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওচমান শরীফ প্রথম আলোকে জানিয়েছেন।
২৮ বছরের বেশি সময় পর মহেশখালীর মাতারবাড়ীতে পা রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভায় যোগদানের আগে তিনি মাতারবাড়ী আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের পাশে টাউনশিপ মাঠে জনসভায় ভাষণ দেবেন।
টাউনশিপ মাঠের দক্ষিণে নৌকার আদলে তৈরি করা হয়েছে জনসভার মঞ্চ। ৮০ ফুট দৈর্ঘ্য ও ৪০ ফুট প্রস্থের নৌকার আদলে তৈরি করা মঞ্চে ২৫০ জন বসার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া অতিথিদের জন্য ২ হাজার চেয়ারের পাশাপাশি আরও ৩০ হাজার চেয়ারের ব্যবস্থা করা হয়েছে।
জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী। বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, কেন্দীয় আওয়মী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সংসদ সদস্য জাফর আলম, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিন, পরিবেশবিজ্ঞানী আনসারুল করিম প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন কেন্দ্র করে দ্রুত সংস্কার করা হয় উত্তর নলবিলা–মাতারবাড়ী ভাঙা সড়ক। এ কারণে দূর থেকে আসা নেতা–কর্মীরা সরাসরি কক্সবাজার থেকে গাড়িবহর নিয়ে জনসভায় আসতে পেরেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওচমান শরীফ বলেন, জনসভায় মহেশখালী থেকে দেড় লাখ মানুষের সমাগম ঘটে। পাশাপাশি বাইরের উপজেলা থেকে আরও দেড় লাখ মানুষ জনসভায় অংশ নিয়েছেন। ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করার জন্য প্রস্তুত তিন লাখের বেশি মানুষ।