আশরাফুজ্জামান হিসাম
আশরাফুজ্জামান হিসাম

সাত মামলায় জামিনের পর কারাফটক থেকে আবার আটক সাবেক এমপি শিখরের ভাই

মাগুরায় সাতটি মামলায় প্রায় সাড়ে আট মাস কারাভোগ শেষে জামিনে মুক্তির পরপরই কারাফটক থেকে আবার আটক হয়েছেন আশরাফুজ্জামান হিসাম (৪৫)। তিনি মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ভাই এবং মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে মাগুরা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান আশরাফুজ্জামান হিসাম। এ সময় তাঁকে আবার আটক করে জেলা পুলিশের একটি দল।

পুলিশ ও জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত বছরের ১ সেপ্টেম্বর ভোরে চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে আশরাফুজ্জামান হিসামকে আটক করে স্থানীয় পুলিশ। ওই দিনই মাগুরা সদর থানার একাধিক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে মাগুরা জেলা কারাগারে পাঠানো হয়। এরপর বিভিন্ন সময় তাঁকে আরও সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সম্প্রতি উচ্চ আদালত থেকে সব কটি মামলায় জামিন পান আশরাফুজ্জামান হিসাম। মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জামিননামা কারাগারে পৌঁছানোর পর গতকাল বিকেল ৫টা ৩২ মিনিটে তিনি মুক্তি পান। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় আগে থেকেই প্রস্তুত থাকা পুলিশের একটি দল তাঁকে আটক করে।

পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার পরিদর্শক (অপারেশন) তপন কুমার বিশ্বাস। আজ সোমবার সকালে মুঠোফোনে প্রথম আলোকে তপন কুমার বিশ্বাস বলেন, দুপুরের দিকে ওই আসামিকে আদালতে উপস্থাপন করা হবে। কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তখন বলা যাবে।