বাবা-মায়ের ঝগড়ার সময় কোল থেকে ছিটকে পড়ে শিশুসন্তানের মৃত্যু

প্রতীকী ছবি

বাবা-মায়ের মধ্যে ঝগড়ার সময় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ২ মাস ১০ দিন বয়সী শিশুসন্তান। রোববার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। সোমবার সকালের দিকে শিশুটি অবস্থার অবনতি ঘটলে তাকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি পুলিশকে জানানো হলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এরপর পুলিশ শিশুর বাবা আবদুল মতিনকে (৪০) আটক করে। এ ঘটনায় বড়লেখা থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিহত শিশুটির নাম আল-আমিন। সে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পূর্ব দোয়ালিয়া (রামকটার টিলা) গ্রামের আবদুল মতিন ও লাবণী আক্তার দম্পতির ছেলে। আবদুল মতিনকে সোমবার বিকেল চারটার দিকে তাঁর গ্রাম থেকে আটক করেছে পুলিশ। তিনি পূর্ব দোয়ালিয়া গ্রামের নিপার আলীর ছেলে।

পুলিশ ও শিশুটির মায়ের অভিযোগ সূত্রে জানা গেছে, আবদুল মতিন একাধিক বিয়ে করেছেন। এ নিয়ে লাবণী আক্তারের সঙ্গে তাঁর দাম্পত্য কলহ চলে আসছিল। রোববার বিকেলের দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে শিশুসন্তান আল-আমিন মায়ের কোল থেকে ছিটকে পড়ে। ওই দিন সন্ধ্যায় ছেলেকে নিয়ে লাবণী আক্তার তাঁর বাবার বাড়ি একই ইউনিয়নের রতুলি গ্রামে চলে যান। সোমবার সকালের দিকে আল-আমিন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। কালকে ঝগড়া হয়েছে। বাচ্চাটা কোল থেকে ছিটকে পড়ে যায়। এরপর গৃহবধূ বাবার বাড়ি চলে যান। সোমবার শিশুটি মারা গেছে। আমরা অভিযোগ পেয়ে শিশুর বাবাকে আটক করেছি। মামলা প্রক্রিয়াধীন।’