
দেশে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কী করতে পারে, সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। আজ বৃহস্পতিবার রাজশাহীতে শিল্প ও বণিক সমিতি আয়োজিত ২০২৩-২৪ অর্থবছরের প্রাক্–বাজেট অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় বিভাগের আটটি জেলার ব্যবসায়ীরা অংশ নেন। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত রাজশাহী চেম্বার ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘দেশকে এগিয়ে নিতে কাজ করছে এনবিআর। প্রতিবছরই মনে হয়, আমাদের কাজ শেষ। কিন্তু আসলে প্রতিবছর আমাদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ আসছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে যেতে হচ্ছে।’
প্রধান অতিথির বক্তব্যে আবু হেনা মো. রহমাতুল মুনিম আরও বলেন, ‘আমরা প্রতিবছর খুঁজে খুঁজে বের করি, খাদ্যের উৎপাদন ও কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কোথায় কোথায় আমাদের সহযোগিতা করা দরকার। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য আমাদের পক্ষ থেকে কী করার আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’
সভায় অন্যদের মধ্যে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয় রাজশাহীর কমিশনার ইসমাইল হোসেন সিরাজী, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সহসভাপতি আবদুল আওয়াল খান চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।