
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়াজ মাহফিলের দাওয়াতপত্রে এক আওয়ামী লীগ নেতার নাম নিচের দিকে ছোট হরফে দেওয়ায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় করা মামলায় কাউকেই গ্রেপ্তার করেনি পুলিশ। উল্টো মামলার সব আসামি আগাম জামিন নিয়ে এলাকায় এসে মামলার বাদীকে হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আর ভুক্তভোগী শিক্ষক বলছেন, বেঁচে থাকার তাগিদে বিষয়টি নিয়ে চুপ থাকতে চান তিনি।
মারধরের শিকার ওই শিক্ষকের নাম আবুল কালাম আজাদ। তিনি কাঞ্চন সাত্তার জুট মিলস মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় একটি ওয়াজ মাহফিলের দাওয়াতপত্র ও পোস্টারে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল ওরফে কলির নাম নিচের দিকে ছোট হরফে দেওয়া হয়েছিল। এর জের ধরে গত রোববার গোলাম রসুলের নেতৃত্বে ওই শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে।
পরে ওই শিক্ষকের ভাই আতাউল করিম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০–১২ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের চাপে মামলা থেকে গোলাম রসুলের নাম বাদ দেওয়া হয় বলেও অভিযোগ আছে।
মামলার আসামিরা হলেন রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা এলাকার মো. বাছির, মতিউর রহমান, মো. শাহিন ওরফে লোহা শাহিন, মঞ্জুর আলম ও মো. মতিন। তাঁরা প্রত্যেকে মাদকসহ একাধিক মামলার আসামি। স্থানীয়ভাবে তাঁরা গোলাম রসুলের সমর্থক হিসেবে পরিচিত।
আজ শুক্রবার মামলার বাদী প্রথম আলোকে বলেন, ‘গত সোমবার আমি মামলা করেছি। বুধবার সকাল পর্যন্ত আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করেছেন। বুধবার সকালে তাঁরা নারায়ণগঞ্জ আদালত থেকে অস্থায়ী জামিন নিয়ে এলাকায় আসেন। দুপুরে মামলার প্রধান আসামি বাছির ও মো. শাহিন এলাকায় এসে মোটরসাইকেল মহড়া দেন। এ সময় তাঁরা এলাকার বিভিন্ন লোকের কাছে আমার খোঁজ করেন এবং আমার পরিচিতজনদের কাছে বলে যান, আমাকে যেখানে পাবেন সেখানেই খুন করবেন।’
আতাউল করিম আরও বলেন, ‘একজন শিক্ষককে প্রকাশ্যে বিনা কারণে মারধর করা হলো। আমি ভাই হিসেবে এই অন্যায়ের বিচার চেয়েছি। আইনের আশ্রয় নিয়েছি। কিন্তু আইন অভিযুক্ত ব্যক্তিদের কিছুই করতে পারেনি। আমাদের সুরক্ষা দিতে পারেনি। আসামিরা এলাকায় এসে সদর্পে ঘুরছেন। হুমকিতে আমি ভয় পাচ্ছি না, কিন্তু তাঁরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়ায় আইনের প্রতি আমার আস্থা কমেছে।’
গত বৃহস্পতিবার দুপুরে মারধরের শিকার শিক্ষক আবুল কালাম আজাদ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। রাতে উপজেলার হাটাবো এলাকায় সেই ওয়াজ মাহফিলটিতেও তিনি অংশ নিয়েছেন। তবে দাওয়াত করা হলেও ওই আওয়ামী লীগ নেতা গোলাম রসুল সেই ওয়াজে আসেননি বলে আয়োজকেরা জানিয়েছেন।
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও বিষয়টি নিয়ে মানসিক যন্ত্রণায় আছেন বলে জানান আবুল কালাম। তিনি বলেন, ‘কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। শারীরিক সমস্যাগুলো অনেকটাই সেরে উঠেছে, কিন্তু মানসিকভাবে যন্ত্রণায় আছি। শিক্ষার্থীদের মুখোমুখি হতে পারছি না। আমি সব সময় শিক্ষার্থীদের বলে এসেছি, তারা যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে। যেকোনো সমস্যায় সবাই যেন আইনের আশ্রয় নেয়। এখন যদি ওরা কেউ জানতে চায় আইনের আশ্রয় নিয়ে আমি কী পেয়েছি, তাহলে কোনো জবাব দিতে পারব না।’ বিষয়টি নিয়ে আর কথা বলবেন না জানিয়ে তিনি বলেন, ‘আমি বুঝে গেছি কথা বলে, প্রতিবাদ করে কোনো লাভ হবে না। বাঁচতে হলে অনেক সময় চুপ থাকতে হয়। আমি চুপ আছি, চুপ থাকব।’
এদিকে মামলার বাদীকে হত্যার হুমকির প্রসঙ্গে জানতে চাইলে মামলার প্রধান আসামি মো. বাছির প্রথম আলোকে বলেন, ‘মামলাটা মিথ্যা, হুমকির অভিযোগও মিথ্যা। আমরা এমন কিছু করিনি।’
আসামিদের গ্রেপ্তার না করা ও বাদীকে হুমকির প্রসঙ্গে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ‘মামলার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। বুধবার তাঁরা জামিন নিয়েছেন। আর বাদীকে হুমকি দেওয়ার ঘটনা আমাদের কেউ জানায়নি। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারতাম। আমরা বাদীর সঙ্গে কথা বলব।’