সিলেট সিটি

সড়ক বিভাজক যেন মরণফাঁদ

দক্ষিণ সুরমার কদমতলী থেকে হুমায়ুন রশীদ চত্বর এবং কিনব্রিজ থেকে মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক বিভাজক বেহাল।

সড়ক বিভাজকে ভাঙা লোহার কাঠামো বেরিয়ে আছে। পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। গতকাল সিলেট নগরের কদমতলী-হুমায়ুন রশীদ চত্বর সড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায়
 ছবি: আনিস মাহমুদ

সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ ২০১৬ সালে সৌন্দর্যবর্ধন প্রকল্পে বৃক্ষ লেন (সড়ক বিভাজক) তৈরি করেছিল। পর্যায়ক্রমে সিলেট নগরের তিনটি স্থানে প্রায় পাঁচ কিলোমিটার সড়কে সৌন্দর্যবর্ধন প্রকল্প নেওয়া হয়। এতে খরচ হয় প্রায় কোটি টাকা।

সিটি করপোরেশনের সড়ক বিভাজকের এমন উদ্যোগ প্রথম দিকে প্রশংসা কুড়ালেও রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে তা যেন মরণফাঁদে পরিণত হয়েছে। বিশেষ করে সিলেট নগরের দক্ষিণ সুরমা কদমতলী এলাকার বৃক্ষ লেনটি যানবাহনের ধাক্কায় ভেঙে ভেতর থেকে লোহা বের হয়ে গেছে। এতে দুর্ঘটনার ঝুঁকি দেখা দিয়েছে।

নগরের সুবিদবাজার এলাকার বাসিন্দা ইমরান আহমদ বলেন, সিলেট-সুনামগঞ্জ সড়কে প্রতিনিয়ত ট্রাক চলাচল করে। ট্রাকগুলো অনেক সময়

সড়ক বিভাজকে ধাক্কা দিয়ে সৌন্দর্যবর্ধনের অংশগুলো ভেঙে ফেলে। এতে লোহার কাঠামোগুলো দৃশ্যমান হয়। বিভাজকে ধাক্কা লেগে হতাহতের আশঙ্কা দেখা দিয়েছে।

গত সোমবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, দক্ষিণ সুরমার কদমতলী থেকে হুমায়ুন রশীদ চত্বর এবং কিনব্রিজ থেকে মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কে বৃক্ষ লেন তৈরি করা হয়েছে। এর বেশির ভাগ অংশ ভাঙা। বৃক্ষ লেনগুলো সৌন্দর্যবর্ধনের জন্য লোহার অ্যাঙ্গেলের ওপর সিমেন্ট–বালি দিয়ে গাছের আদলে বিভাজক তৈরি করা। সড়ক বিভাজকের অভ্যন্তরে রোপণ করা হয়েছে গাছ। সড়ক বিভাজকের বৃক্ষ লেনের বিভিন্ন স্থানে লোহার ওপর সিমেন্ট ও বালির প্রলেপ খসে পড়ে লোহা বের হয়ে গেছে। আবার কোনো স্থানে একটি অংশ ভেঙে শুধু লোহার খুঁটি অবশিষ্ট আছে। কোনো অংশ বিভাজকের অভ্যন্তরে গাছের সঙ্গে হেলান দিয়ে রাখা হয়েছে। লোহার খুঁটি কিংবা বিভাজকের অংশ যাতে পড়ে না যায়, সে জন্য গাছের সঙ্গেও বেঁধে রাখতে দেখা গেছে। দুই পাশের লেনই ভাঙাচোরা অবস্থা। সড়কটির দুই পাশেই বাস থেকে শুরু করে মোটরসাইকেল, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার চলাচল করছে।

হুমায়ুন রশীদ চত্বর থেকে কিনব্রিজের দিকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে কথা হয় কদমতলী এলাকার বাসিন্দা জাহেদ হোসেনের সঙ্গে। তিনি বলেন, সড়কে চলাচল করা বড় যানবাহনগুলো বিশেষ করে ট্রাক বেপরোয়াভাবে চলাচল করে। সঙ্গে যাত্রীবাহী বাসগুলোও। যানবাহনগুলো বড় হওয়ায় সেগুলো অনেক সময় সড়ক বিভাজকে ধাক্কা দিয়ে থাকে। এতে সড়ক বিভাজকগুলো ভেঙে যায়। দক্ষিণ সুরমার বেশির ভাগ বিভাজকগুলো ট্রাক ও বাসের ধাক্কায় এমন পরিণতি হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর বলেন, কেন্দ্রীয় বাস টার্মিনালের নির্মাণকাজ প্রায় শেষ। টার্মিনাল উদ্বোধন হয়ে গেলে সড়কে থাকা যানবাহনগুলো নির্দিষ্ট স্থান পাবে। অনেক সময় সড়কে যানবাহন থাকায় সৌন্দর্যবর্ধনের লেনে ধাক্কা দিয়ে ক্ষয়ক্ষতি করছে। বিষয়টি সিটি করপোরেশন নজর রেখেছে।

মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় দাঁড়িয়ে ছিলেন রিকশার আরোহী রাজেশ রায়। তিনি বলেন, কোনোভাবে সড়ক বিভাজকের পাশে দুর্ঘটনা ঘটলে মারাত্মক হতাহতের ঘটনা ঘটতে পারে। সড়ক বিভাজকে যেভাবে লোহার কাঠামো বেরিয়ে রয়েছে, সেটি আসলেই ঝুঁকিপূর্ণ। বাসের চালক শিপন মিয়া বলেন, অনেক সময় বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে যায়। এতে বাসের এবং সড়কের ক্ষতি হয়।