খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ২০টি শয্যা থাকলেও রোগী ভর্তি আছেন ৬৫ জন। এখানে ২১ দিনে ২৪৯ জন ভর্তি হয়েছেন।
দিন যত যাচ্ছে, খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা তত বাড়ছে। চলতি বছরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩২৯ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত ২১ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৪৯ জন। অর্থাৎ চলতি বছরে ডেঙ্গু চিকিৎসা নিয়েছেন এ রকম ভর্তি রোগীর প্রায় ৭৬ শতাংশই ভর্তি হয়েছেন গত তিন সপ্তাহে। এই হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ২০টি শয্যা থাকলেও সেখানে এখন ৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
খুলনা অঞ্চলে অন্যান্য চিকিৎসার মতো ডেঙ্গু চিকিৎসার জন্যও সবচেয়ে বড় হাসপাতাল খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল। এই হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুয়ায়ী, গত শনিবার সকাল আটটা থেকে গতকাল রোববার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আটজন। একই সময়ে আটজন রোগী হাসপাতাল ছেড়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬৫ জন রোগী। ১৮ জুলাই ও ২২ জুলাই হাসপাতালে একজন করে নারী ডেঙ্গুতে মারা গেছেন।
ঈদুল আজহার পর ঢাকা ও এর আশপাশ থেকে জ্বর নিয়ে আসা রোগীরা বেশি ভর্তি হচ্ছিলেন। তবে এখন স্থানীয়ভাবে আক্রান্ত হচ্ছেন বেশি।নিয়াজ মুস্তাফি চৌধুরী, উপপরিচালক, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল
হাসপাতাল থেকে পাওয়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে প্রতিদিন এক-দুজন করে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছিলেন। মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সংখ্যাটা বাড়তে থাকে। আর জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে এখন পর্যন্ত গড়ে প্রতিদিন ১৫ থেকে ১৬ জনের মতো রোগী ভর্তি হচ্ছেন। আবার ভর্তি রোগীর চেয়ে হাসপাতাল ছাড়ার সংখ্যা কম হওয়ায় হাসপাতালে রোগীর চাপ বাড়ছে।
হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় একটি ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। ওই ওয়ার্ডের শয্যাসংখ্যা ২০টি। তবে রোগীদের ভর্তি করা হচ্ছে মেডিসিন ওয়ার্ডের আওতায়। ওই হাসপাতালে পাঁচটি মেডিসিন ওয়ার্ড রয়েছে। ডেঙ্গু ওয়ার্ডে শয্যা ফাঁকা থাকলে রোগীদের সেখানে রাখা হচ্ছে আর তা না হলে সংশ্লিষ্ট মেডিসিন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে ৫০০ শয্যার ওই হাসপাতালে মোট রোগী ভর্তি আছেন ১ হাজার ৬৩০ জনের মতো। এর মধ্যে ডেঙ্গু রোগী আছেন ৬৫ জন।
হাসপাতালের ডেঙ্গু চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, ঢাকায় যেভাবে ডেঙ্গু রোগী বাড়ছে, তার একটি প্রভাব খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এসেও পড়বে। এ কারণে করোনো ডেডিকেটেড হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডটিকে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ব্যবহার করার জন্য প্রাথমিকভাবে পরিকল্পনা করা হচ্ছে। হাসপাতাল থেকে ডেঙ্গু রোগীদের মশারি, স্যালাইন, ওষুধ সরবরাহ করা হচ্ছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক নিয়াজ মুস্তাফি চৌধুরী প্রথম আলোকে বলেন, এখন প্রতিদিন গড়ে ২০ জনের মতো ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন। এর মধ্যে খুলনা মহানগর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা রোগীর সংখ্যা গড়ে তিনজনের মতো। বেশির ভাগই বাইরের বিভিন্ন জেলা থেকে আসছেন। ঈদুল আজহার পর ঢাকা ও এর আশপাশ থেকে জ্বর নিয়ে আসা রোগীরা বেশি ভর্তি হচ্ছিলেন। তবে এখন স্থানীয়ভাবে আক্রান্ত হচ্ছেন বেশি।
খুলনা জেনারেল হাসপাতাল, জেলার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চলতি বছর জেলার এসব হাসপাতালে মোট ৬০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গত ১৫ দিনেই ভর্তি হয়েছেন ৪৩ জন। অর্থাৎ প্রায় ৭২ শতাংশ ডেঙ্গু রোগী গত দুই সপ্তাহে ভর্তি হয়েছেন।
উপজেলা হাসপাতালগুলোর মধ্যে দাকোপ, কয়রা, তেরখাদা ও পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলতি বছর কোনো ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হননি। বাকি পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা চিকিৎসা নিয়েছেন। শনিবার সকাল আটটা থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতাল ও রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন করে ভর্তি হয়েছেন। ফুলতলা ও বটিয়াঘাটায় একজন করে ভর্তি হয়েছেন।
খুলনা জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা সাদিয়া মনোয়ারা প্রথম আলোকে বলেন, উপজেলা পর্যায়ে এখনো ডেঙ্গু রোগী কম আছে। গ্রামের মানুষ পরীক্ষায় তেমন আগ্রহ দেখান না; হয়তো এ কারণে সেখানে রোগীর সংখ্যা কম।
নগরবাসীর অভিযোগ, খুলনা নগরে মশার উপদ্রব অস্বাভাবিকভাবে বেড়েছে। সন্ধ্যার পর মশার যন্ত্রণায় টেকা দায় হয়ে পড়েছে। এমনকি দিনের বেলায়ও মশার কামড়ে অতিষ্ঠ হচ্ছে।
প্রতিটি ওয়ার্ডে একজন করে লোক মশকনিধন কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে জানিয়ে করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, প্রতিদিন কালো তেল ও লার্ভিসাইড (লার্ভা মারার) ওষুধ দেওয়া হচ্ছে।