আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারী ও চালকদের ‘যোগসাজশে’ চুরি

আশুগঞ্জ সার কারখানার ফটক
ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় চলতি বছরে অন্তত তিনটি চুরির ঘটনা ঘটেছে। একটি চুরির ঘটনা কর্তৃপক্ষ ধামাচাপা দিয়েছে বলে অভিযোগ।

একটি চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই নিরাপত্তাকর্মী ও দৈনিক ভিত্তিতে কাজ করা এক ট্রাকচালককে বরখাস্ত করেছে কারখানা কর্তৃপক্ষ। কারখানার শ্রমিক-কর্মচারী, ডিলারের প্রতিনিধি, নিরাপত্তাকর্মী ও গাড়িচালকদের যোগসাজশে এসব চুরির ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের এক নেতা বলেন, ‘দুই-একটি চুরির ঘটনা ঘটেছে। তবে এখন আমরা সতর্ক হয়েছি। সামনে আরও সতর্ক থাকব। গ্যাস সরবরাহ না থাকায় কারখানায় অনেক দিন ধরেই উৎপাদন বন্ধ আছে। যে কারণে কারখানার ভেতরে অনেকটা নীরব পরিবেশ। এই সুযোগে একটি চক্র সারের বস্তা চুরির চেষ্টা করেছে।’

খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে মো. জামিল নামের এক ট্রাকচালক ইউরিয়া সার নিতে আশুগঞ্জ সার কারখানায় যান। একজন ডিলারের ৩০০ বস্তা ইউরিয়া সার নিতেই তিনি কারখানায় গিয়েছিলেন। তিনি কারখানা থেকে ওই ডিলারের ৩০০ বস্তা ইউরিয়া সার বাইরে নিয়ে রাখেন। বেলা ১১টার দিকে তিনি বাড়তি ২৬ বস্তা ইউরিয়া সার ও ৪টি গ্যাস সিলিন্ডার নিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করেন। তখন কারখানার প্রধান ফটকে থাকা নিরাপত্তাকর্মীরা প্রয়োজনীয় নথিপত্র দেখাতে বলেন। কিন্তু ট্রাকচালক কোনো কাগজ দেখাতে পারেননি। এ নিয়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে ট্রাকচালকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ট্রাকচালকের সহযোগী আড়ালে গিয়ে ফটক খুলে দেন। তখন সারবোঝাই ওই ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করেন চালক।
কারখানার ফটক থেকে প্রায় আধা কিলোমিটার দূরে পেট্রোবাংলা পর্যন্ত গেলে নিরাপত্তাকর্মীরা ট্রাকটি ধরে ফেলেন। এ সময় চালক ও তাঁর সহকারী সেখান থেকে পালিয়ে যান। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সারবোঝাই ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ মামলা করেছে।

কারখানার এক শ্রমিক প্রথম আলোকে বলেন, কারখানার দুর্বল ব্যবস্থাপনার পাশাপাশি নিরাপত্তাকর্মী, ট্রাকচালক, ডিলারের প্রতিনিধি এবং যে কর্মকর্তা ট্রাকে মাল বুঝিয়ে দিচ্ছেন, তাঁদের যোগসাজশেই এসব চুরির ঘটনা ঘটছে।

আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক সুনীল চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, চুরির ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এ বিষয়ে আরও জানতে চাইলে তিনি বলেন, ‘এসব কথা আমি মুঠোফোনে বলতে পারব না, কথা বলতে চাইলে কারখানায় আসেন।’ এই কথা বলেই তিনি সংযোগ কেটে দেন।

কারখানা সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি রাতে কারখানার ভেতরে ইএম অনুবিভাগের রিওয়েল্ডিং ওয়ার্কশপ কক্ষের জানালা ভেঙে নতুন কপার তার রিলসহ আনুমানিক ৫০ কেজি, ছয়টি এয়ারকুলার ব্লোয়ার মোটর, তিনটি সিলিং ফ্যান, ২১২ কিলোওয়াট মোটরের কপার লিড এবং কক্ষের পাশে বাইরে লোহার বাক্সের তালা ভেঙে ২৬০ কেজি পুরাতন কপার তার চুরি হয়। এর সঙ্গে দুই নিরাপত্তাকর্মী ও দৈনিক ভিত্তিতে কাজ করা এক ট্রাকচালকের সংশ্লিষ্টতা পাওয়া যায়। গত ১৩ এপ্রিল বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে কারখানা কর্তৃপক্ষ। চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২৮ মে কারখানার উপব্যবস্থাপক (প্রশাসন) সঞ্জয় কুমার নাথ ভৌমিক স্বাক্ষরিত এক আদেশে নিরাপত্তাকর্মী কাজী রকিবুজ্জামান ও মোহাম্মদ আবদুল মজিদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। আর ঘটনার পরপরও দৈনিক ভিত্তিতে কাজ করা ট্রাকচালক আমিনুল ইসলামকে বরখাস্ত করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলার চরচারতলা গ্রামের এক ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, অনুমতি ছাড়া একটি পাতাও ট্রাকে তোলার সাহস চালকের নেই। এখানে কারখানার বিক্রয় বিভাগের ট্যালি ক্লার্ক, নিরাপত্তাকর্মী ও চালকদের যোগসাজশ রয়েছে। সারের বস্তা চুরির ঘটনায় ৮ থেকে ৯ বছর আগে আশুগঞ্জ সার কারখানার এক বিক্রয় ব্যবস্থাপককে বরখাস্ত করা হয়েছিল।

জেলা সার সমিতির সভাপতি জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রায় ৭০০ ডিলার সার কারখানা থেকে সার সংগ্রহ করেন। জেলার কোটা অনুযায়ী, একজন ডিলার বার্ষিক ২০০ থেকে ২৫০ টন ইউরিয়া সার কারখানা থেকে পেয়ে থাকেন। এক বস্তায় ২৯ কেজি সার থাকে। এক বস্তা সারের সরকারি মূল্য ১ হাজার ২৫০ টাকা। কিন্তু উৎপাদন বন্ধ থাকায় সার কারখানা কর্তৃপক্ষ চট্টগ্রাম, ফেঞ্চুগঞ্জসহ বিভিন্ন জায়গা থেকে সার সংগ্রহ করে ডিলারদের সরবরাহ করে। ডিলারের প্রতিনিধি শুধু স্বাক্ষর করেন আর চালক কারখানা থেকে ডিলারের কাছে সার পৌঁছে দেন। কারখানার লোকজন ও চালকেরা এর সঙ্গে জড়িত।

কারখানার শ্রমিক-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১ মার্চ থেকে আশুগঞ্জ সার কারখানায় ওভারহোলিংয়ের জন্য দুই মাস সার উৎপাদন বন্ধ রাখা হয়। ওভারহোলিং হচ্ছে যন্ত্রাংশের কর্মক্ষমতা হ্রাস পেলে তখন তা বন্ধ রেখে খুলে ও মেরামত করে আবার সচল করা। ওভারহোলিং শেষে মে মাস থেকে কারখানা চালু করা যায়নি। কারখানা বন্ধের সুযোগে চুরির মতো ঘটনা ঘটছে।