লালমনিরহাটে নিখোঁজের চার মাস পর ঘরের মেঝে খুঁড়ে চালকের লাশ উদ্ধার

লাশ উদ্ধার
প্রতীকী ছবি

লালমনিরহাটে নিখোঁজের চার মাস পর এক অটোরিকশাচালকের লাশ একটি টিনের ঘরের মাটির মেঝে খুঁড়ে উদ্ধার করা হয়েছে। তাঁর নাম আশরাফুল ইসলাম (২২)। পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ধাইরখাতা গ্রামের মোখলেছুর রহমানের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে।

এদিকে একই দিন সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল বাজার এলাকা থেকে আশরাফুলের অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। অটোরিকশাটি চালাচ্ছিলেন আবদুর রহিম (৪৮)। তাঁকে আটক করা হয়েছে।

নিহত আশরাফুল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাটের চর খাটামারি গ্রামের ইয়াকুব আলীর ছেলে। তাঁর পরিবারে স্ত্রী ও তিন মাস বয়সী একটি কন্যাসন্তান আছে।

পুলিশ ও র‍্যাবের ভাষ্য, অটোরিকশাচালক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মনির হোসেনের (২৭) দেওয়া তথ্য অনুযায়ী নিখোঁজের চার মাস পর নিহত আশরাফুলের লাশ উদ্ধার করা হয়েছে। ঠাকুরগাঁও থেকে উদ্ধার করা আশরাফুলের অটোরিকশাটি আজ শুক্রবার সকালে লালমনিরহাটে আনা হয়েছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, গত ২৫ জুন সকালে বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হন আশরাফুল ইসলাম। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় ২৬ জুন আশরাফুলের বাবা ইয়াকুব আলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর অজ্ঞাতনামা এক ব্যক্তি নিখোঁজ আশরাফুলের সন্ধান দিতে চেয়ে ইয়াকুব আলীর মুঠোফোনে কল করে দুই লাখ টাকা দাবি করেন। ২৭ জুলাই ইয়াকুব আলী ছেলে অপহরণের অভিযোগে থানায় মামলা করেন।

রংপুর র‍্যাব-১৩-এর অধিনায়ক আরাফাত ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ অটোরিকশাচালক আশরাফুল ইসলামের ব্যবহার করা মুঠোফোনটির অবস্থান চিহ্নিত করে গাজীপুরের চন্দ্রা বাসস্ট্যান্ড চৌরাস্তা এলাকা থেকে মনির হোসেনকে গত বুধবার গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে মনির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ধাইরখাতা গ্রামের মোখলেছুর রহমানের বাড়ির একটি ঘরের মেঝের মাটি খুঁড়ে আশরাফুলের লাশ উদ্ধার করা হয়েছে।