নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। গত শনিবার
নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। গত শনিবার

মব সৃষ্টির আগেই তিতাস ছাড়তে ইউএনওকে হুঁশিয়ারি বিএনপির এমপি সেলিম ভূঁইয়ার

কুমিল্লার তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিনকে মব সৃষ্টির আগেই অন্যত্র চলে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

গত শনিবার সন্ধ্যার আগে উপজেলার কলাকান্দি এলাকায় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সেলিম ভূঁইয়া অভিযোগ করেন, ইউএনও তাঁদের সঙ্গে ‘বিমাতাসুলভ আচরণ’ করেছেন এবং বিরোধিতা করেছেন। এ ছাড়া নেতা-কর্মীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ পাওয়ার কথাও জানান তিনি।

সেলিম ভূঁইয়া কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন। ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে এক দিনের জন্যও তিতাস ইউএনও সুমাইয়া মমিনের সঙ্গে আমি কথা বলিনি। জনগণের সঙ্গে এ ধরনের আচরণ করা ব্যক্তির বিষয়ে কী পদক্ষেপ নিতে হবে, তা আমি জানি। আমি আশা করি, তিনি দ্রুত অন্যত্র বদলি হয়ে চলে যাবেন। কারণ, তিনি ভালো আচরণ জানেন না। আমি তাঁকে সতর্ক করে দিলাম, কেননা, যদি কোনো মব সৃষ্টি হয়, তার জন্য তিনিই দায়ী থাকবেন।’

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, তিতাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকার প্রমুখ।