
রোডম্যাপ ঘোষণা করে দ্রুত পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। চুক্তি বাস্তবায়ন না করলে ‘পাহাড়ের দাবানল কেউ নেভাতে পারবে না’ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সংগঠনটির নেতারা।
চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় চত্বরে শুক্রবার দুপুরে পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। পিসিপি চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক বিনিময় চাকমার সঞ্চালনায় সমাবেশের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুপ্রিয় তঞ্চঙ্গ্যা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার চৌধুরী। আরও বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক রুমেন চাকমা, চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক হ্লামিও মারমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তথ্য ও প্রচার প্রকাশনা সম্পাদক অন্বেষ চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, পার্বত্য চুক্তির বয়স এখন আড়াই দশক। আজ যারা চুক্তি বাস্তবায়নের আন্দোলন করছেন তাদের অনেকের জন্মও হয়নি তখন। অতি দ্রুত রোডম্যাপ ঘোষণা করে পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান তাঁরা।
নেতারা বলেন, ৭২ ধারার মধ্যে ৪৮টি ধারা বাস্তবায়ন করা হয়েছে। যেখানে ভূমি সমস্যাটি এখনো অধরা থেকে গেছে। অথচ সেটিই হচ্ছে পাহাড়ের প্রধান সমস্যা। তাহলে কীভাবে বিশ্বাস করা যাবে যে, আসলে সরকার চুক্তি বাস্তবায়ন করছে। চুক্তি বাস্তবায়ন না করার কারণে পাহাড়ে এখনো শান্তি ফেরেনি বলে মন্তব্য করেন তাঁরা।
সমাবেশের নেতা-কর্মীরা মিছিল নিয়ে চেরাগী পাহাড় চত্বর জড়ো হন।