
বয়স ৭০ পেরিয়ে গেছে। শরীরে কাজ করার শক্তি নেই। রোদে পোড়া কালো চামড়া ভেদ করে যেন বেরিয়ে আসতে চাইছে হাড়গুলো। ক্ষয় ধরেছে দাঁতেও। এমন শরীর নিয়ে আপন মনে কাদামাটিকে কাঠের চুলার রূপ দিয়ে চলেছেন হাসিনা বেগম। এই চুলা বিক্রি হলেই সংসারের চুলা জ্বলে তাঁর।
খুলনা নগরের শেরে বাংলা সড়কের জোহরা খাতুন স্কুলের রাস্তার বিপরীত পাশে দেখা যায় তৈরি করে রাখা সারি সারি মাটির চুলা। বেশ কয়েকজন ওই চুলা তৈরির কাজ করেন। এর মধ্যে আছেন হাসিনা বেগমও। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কথা হয় হাসিনা বেগমের সঙ্গে। নিজের নামটা বলার আগে ঠোটের কোণে একঝলক হাসি ফুটে ওঠে। খুব মৃদু স্বরে বলে ওঠেন ‘হাসিনা’। শুনতে না পাওয়ায় আবার জিজ্ঞাসা করলে কিছুটা স্পষ্ট করে বলেন ‘হাসিনা বেগম’।
জীবন যে কত কষ্টের, তা বুঝা যায় হাসিনা বেগমের জীবন কাহিনিতে। কথা বলতে বলতে মাঝেমধ্যে ধরে আসে গলা, চোখটাও ভিজে ওঠে; কিন্তু সেটা বুঝতে দিতে চান না। কোনো এক ফাঁকে কাদা লাগানো হাতের উল্টো পাশ দিয়ে মুছে ফেলেন চোখের পানি।
হাসিনা বেগমের স্বামী শেখ গিয়াস উদ্দিন তিনবার স্ট্রোক করেছেন। সবশেষ ছয় মাস আগে আবার স্ট্রোক করে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছেন। এখন তিনি কিছুই করতে পারেন না। তাঁর চার মেয়ে ও এক ছেলে। মেয়েদের বিয়ে দিয়েছেন বেশ আগেই। মেয়েরা এখন নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। ছেলে শেখ রাসেল কিছুটা মানসিক ভারসাম্যহীন। বছরের বেশির ভাগ সময় বাড়িতেই থাকেন। হাসিনা বেগমের এক জামাতা বাবুর্চির কাজ করেন। রাসেল মাঝেমধ্যে তাঁর সঙ্গে যান। হাসিনা বেগমের চুলা বিক্রির বাইরে সংসারে আয় বলতে একমাত্র সেটাই।
এখন গিয়াস উদ্দিনের জন্যই চার দিন পরপর ৬০০ টাকার ওষুধ কিনতে হয়। একটা চুলা বিক্রি হলে দ্বিধায় পড়ে যান, সংসারের জন্য চাল-ডাল কিনবেন, না স্বামীর ওষুধ কিনবেন। স্বামী ও সংসার সামলাতেই নিজের দিকে খেয়াল করার সময় পান না হাসিনা। কত সালে বিয়ে হয়েছে, তা মনে নেই তাঁর। তবে অনুমান করে বলতে পারেন, ১৪ থেকে ১৫ বছর বয়সে গিয়াস উদ্দিনের সঙ্গে বিয়ে দেয় পরিবার। ওই সময় স্বামী খুলনা নগরে বেবিট্যাক্সি চালাতেন। যে আয় হতো, তা দিয়ে ভালোই চলে যেত সংসার। একে একে পাঁচ সন্তানের জন্মে শুরু হয় সংসারের টানাটানি। তত দিনে দেশ স্বাধীন হয়ে গেছে। সংসারের চাকা সচল রাখতে বেছে নেন চুলা তৈরির কাজ।
হাসিনা বেগম বলেন, ‘মা-খালারা বাড়ির রান্নার জন্য মাটির চুলা বানাত। সেটা দেখে দেখে তা শেখা হয়েছে। পরে যে ওই চুলা বানিয়ে সংসার চালাতে হবে, তা কখনো ভাবিনি।’ তাঁর চুলা তৈরি হয় রূপসা উপজেলার বিভিন্ন বিলের মাটি দিয়ে। ঠেলাগাড়িতে ওই মাটি দিয়ে যান একজন। প্রতি ঠেলাগাড়ি মাটির দাম পড়ে ৫০০ টাকা। এক ঠেলাগাড়ি মাটি দিয়ে চার থেকে পাঁচটি চুলা তৈরি করতে পারেন হাসিনা বেগম। মাটির তৈরি চুলার দাম ১৫০ থেকে ৩০০ টাকা। আর চুলার নিচে টিনের বালতি বা ধাতব কোনো পাত্র দিতে পারলে দাম হয় ৩০০ থেকে ৮০০ টাকা। একটা চুলা তৈরি করতে সময় লাগে এক থেকে দেড় ঘণ্টা। বিভিন্ন ভাঙ্গারি দোকান ঘুরে ঘুরে পুরোনো বালতি ও ধাতব পাত্র জোগাড় করেন তিনি।
দিনে তিন থেকে চারটি চুলা তৈরি করতে পারেন হাসিনা বেগম। শীতের সময় চুলা কম বিক্রি হয়। তবে বর্ষায় মাটির চুলার চাহিদা থাকে। তখন দিনে তিন থেকে চারটি চুলা বিক্রি হয়। আর এখন কোনো কোনো দিন একটি থেকে দুটি, আবার কোনো কোনো দিন কোনো চুলাই বিক্রি হয় না। এখন বেশির ভাগ চুলা কেনেন ভ্রাম্যমাণ পিঠা তৈরি করা ব্যক্তিরা।
নগরের আমতলা এলাকার এক কুঁড়েঘরে ভাড়া থাকেন হাসিনা বেগমরা। এক ঘরে গাদাগাদি করে ছেলে, নাতনি ও তাঁরা স্বামী-স্ত্রী মিলে চারজন থাকেন। ওই কুঁড়েঘরের ভাড়া দুই হাজার টাকা। ঘরভাড়ার টাকাও চুলা বিক্রির আয় থেকে জোগান দিতে হয়। হাসিনা বেগমের স্বামী গিয়াস উদ্দিন বেবিট্যাক্সি ছেড়ে অন্য গাড়ি চালানো শুরু করেছিলেন। প্রায় ১০ বছর আগে স্ট্রোক করার পর ওই কাজ ছেড়ে দেন তিনি। এরপর কাজ নেন সিকিউরিটি গার্ডের। সেটাই চলছিল এত দিন। কিন্তু ছয় মাস আগে তৃতীয়বারের মতো স্ট্রোক করায় এখন সে কাজ বন্ধ। এতে পুরো সংসারের চাপ এসে পড়ে তাঁর ওপর।