
সবুজে ঘেরা চা-বাগানের ভেতরে মাধ্যমিক পর্যায়ের একটি আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। বড় বড় শহরের নামীদামি শিক্ষাপ্রতিষ্ঠানের মতোই সেখানে পড়াশোনা চলে। তবে এ প্রতিষ্ঠানে যেকেউ চাইলেই ভর্তির সুযোগ পায় না। শুধু চা-বাগানের শ্রমিক পরিবারের মেধাবী সন্তানেরাই এখানো পড়াশোনার সুযোগ পায়। মজার ব্যাপার হলো এই প্রতিষ্ঠানে পড়তে অভিভাবকদের কোনো টাকা খরচ করতে হয় না।
প্রতিষ্ঠানটির নাম ‘ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন স্কুল বা সিডিএফএস’। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা চা-বাগানে এই শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান। বহুজাতিক প্রতিষ্ঠান ক্যামেলিয়া গ্রুপের বাংলাদেশি অঙ্গপ্রতিষ্ঠান হলো ডানকান ব্রাদার্স।
২০০৪ সালের মার্চে ক্যামেলিয়ার চেয়ারম্যান পিটার ল্যাগেট ও ডানকান ব্রাদার্সের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক আবু মোহাম্মদ ওবায়দুস সোবহানের উদ্যোগে লংলা বাগানে প্রায় তিন একর জায়গাজুড়ে সিডিএফএসের যাত্রা শুরু হয়। ২০০৮ সালে আবু সোবহান মারা যান। বর্তমানে ‘আবু সোবহান ওয়েলফেয়ার ট্রাস্ট’ নামের একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠানটি পরিচালনা করছে। ক্যামেলিয়া ফাউন্ডেশনের অর্থায়নে এই ট্রাস্টের কার্যক্রম চলে। শুরুতে অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান চললেও ২০০৭ সালে ষষ্ঠ শ্রেণি থেকে শুরু হয়। ষষ্ঠ শ্রেণিতে মোট আসনসংখ্যা ২০।
প্রতিবছর পরীক্ষার মাধ্যমে ওই শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হয়। বর্তমানে প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থীর সংখ্যা ৯২, শিক্ষক রয়েছেন ১৭ জন। সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চলে পাঠদান। শুক্র ও শনিবার চলে সহশিক্ষা কার্যক্রম।
কুলাউড়া-শমশেরনগর সড়ক ধরে গেলে দেখা মেলে লংলা চা-বাগানের। ওই বাগানের রাস্তা দিয়ে ঢুকে কিছু পথ সামনে গেলেই সিডিএফএসের দেখা পাওয়া যাবে। ভেতরে এক পাশে অ্যাকাডেমিক ভবন। সেখানে পাঠদান কার্যক্রম চলে। সামনে নানা প্রজাতির ফুলের গাছ। ভবনের সামনে সবুজ ঘাসে মোড়ানো প্রশস্ত খেলার মাঠ। পেছনে শিক্ষার্থী ছেলে-মেয়েদের জন্য আলাদা আবাসিক ভবন, বিজ্ঞানাগার, লাইব্রেরি, ডাইনিং রুম ইত্যাদি।
মিতু শীল এখানে দশম শ্রেণিতে পড়ে। জুড়ী উপজেলার রাজকি চা-বাগানে তাঁদের বাড়ি। কোয়ান্টাম ফিজিক্স নিয়ে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে পিএইচডি করতে চায় সে। একই শ্রেণির শিক্ষার্থী বিকাশ বুনারজির বাড়িও রাজকি বাগানে। তার স্বপ্ন ভিন্ন। সে ক্রিকেটার হতে চায়। লংলা চা-বাগানে বাড়ি একই শ্রেণির শিক্ষার্থী কৃষ্ণপ্রতাপ নাইডুর। কৃষ্ণপ্রতাপ অন্যদের মতো চিকিৎসক বা প্রকৌশলী হতে চায় না, সে গায়ক হতে চায়। কারণ জানতে চাইলে তার জবাব, ‘গান মানুষের মনে শান্তি আনে। গান গেয়েই মানুষের মন জয় করতে চাই।’
২০০৭ সাল থেকে সিডিএফএসের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। ২০২২ সাল পর্যন্ত প্রতিবছর পাসের হার শতভাগ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মায়ের জীবনসংগ্রামের গল্প তুলে ধরে বেশ আলোচিত হন চা-শ্রমিক পরিবারের সন্তান সন্তোষ রবিদাস। এরপর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে জুনিয়র অফিসার পদে চাকরি দেয়। সন্তোষদের বাড়ি কমলগঞ্জের কানিহাটি ফাঁড়ি চা-বাগানে। তিনি ২০১৩ সালে সিডিএফএস থেকে এসএসসি পাস করেন। পরে শমশেরনগরে অবস্থিত বিএএফ শাহীন কলেজে উচ্চমাধ্যমিকে ভর্তি হলে সিডিএফএস পরিচালনাকারী ট্রাস্ট তাঁর লেখাপড়ার খরচ বহন করে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ভর্তির পর তিনি ট্রাস্ট থেকে কিছু টাকা ঋণও নেন।
সন্তোষ বলেন, সিডিএফএস চা-শ্রমিক পরিবারের সন্তানদের মানসম্মত লেখাপড়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। তবে আরও বেশিসংখ্যক শিক্ষার্থী যেন সেখানে লেখাপড়ার সুযোগ পায়, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া দরকার।
প্রতিষ্ঠানের প্রথম ব্যাচের শিক্ষার্থী সুব্রত কৈরি বর্তমানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
সুব্রত বলেন, ‘ক্যামেলিয়া-ডানকান ফাউন্ডেশন স্কুল আমাদের ভিত্তি তৈরি করে দিয়েছে। এ কারণে এত দূর আসা সম্ভব হয়েছে। শিক্ষা অর্জনে অর্থনৈতিক সাপোর্ট দিয়েছে। স্কুলের অগ্রযাত্রা অব্যাহত থাকুক—এটাই প্রত্যাশা।’
বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক রাধেশ্যাম রায় একসময় কুলাউড়া পৌর শহরে অবস্থিত নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করতেন। এখন সিডিএফএসের দায়িত্বে।
রাধেশ্যাম রায় বলেন, প্রতিষ্ঠানে লেখাপড়ার মানোন্নয়নে প্রতিষ্ঠানের শিক্ষকদের বিভিন্ন সময়ে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিনা মূল্যে বই, খাতা, কলম, কাপড়চোপড়, জুতাসহ সব প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়। শিক্ষার্থীদের দক্ষ প্রশিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয়। শিক্ষা বোর্ডের বইয়ের পাশপাশি অন্যান্য বইও পড়ানো হয়। ইংরেজিতে দুর্বল শিক্ষার্থীদের গুরুত্ব বেশি দেওয়া হয়। বিভিন্ন জাতীয় দিবস উদ্যাপনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া বিজ্ঞান মেলা ও বিতর্ক প্রতিযোগিতা হয়। বছরে দুবার শিক্ষাসফরের ব্যবস্থাও রয়েছে।
আবু সোবহান ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান নাসরিন সোবহান প্রথম আলোকে বলেন, চা-শ্রমিকদের সন্তানেরা যেন পিছিয়ে না থাকে—মূলত সে উদ্দেশ্যেই সিডিএফএস স্থাপন করা হয়েছিল। শহরের বড় বড় স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে এখানকার শিক্ষার্থীরা যেন প্রতিযোগিতা করতে পারে, সেই বিষয়টি গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া এখানকার শিক্ষার্থীরা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিনা সুদে ঋণ পায়। কর্মসংস্থান হলে শিক্ষার্থীরা ওই টাকা শোধ করে দেয়। ওই টাকা আবার ভবিষ্যতে শিক্ষার্থীদের কাজে লাগে।