নাটোরে জেলা আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের পাশেই তারা এ সমাবেশ করে।
এর আগে একই এলাকায় আজ সকাল সাড়ে ৭টার দিকে ১০ দফা দাবিতে সমাবেশ করেছে জেলা বিএনপি। বিএনপির সমাবেশ শুরুর পর বাঁশ হাতে ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে অবস্থান নেওয়ায় উত্তেজনা দেখা দেয়। ‘নিরাপত্তার অভাবে’ তড়িঘড়ি সমাবেশের সমাপ্তি ঘোষণা করতে হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর পৌনে ১২টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের পাশে আসেন। সেখানে একটি ট্রাকে বানানো মঞ্চে ওঠেন আওয়ামী লীগের নেতারা। সেখানে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে শান্তি সমাবেশ শুরু হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, সহসভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মালেক শেখ, সৈয়দ মোর্তজা আলী, সাংগঠনিক সম্পাদক ইমরান সোনার ও নলডাঙ্গা পৌসভার মেয়র মনিরুজ্জামান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সম্পাদক শরিফুল ইসলাম বলেন, বিএনপি গণতন্ত্র ভুলে গেছে। তাই তারা নির্বাচনে যেতে চায় না। তারা সন্ত্রাসী কায়দায় ক্ষমতায় যেতে চায়। কথায় কথায় তারা বর্তমান সরকারকে অবৈধভাবে ক্ষমতা থেকে তাড়াতে চায়, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চায়।
শরিফুল ইসলাম বলেন, এসব আচরণের মধ্য দিয়ে তারা এ দেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে। তাদের প্রতিহত না করে বঙ্গবন্ধুর সৈনিকেরা ঘরে বসে থাকতে পারে না। তাই নাটোরে বঙ্গবন্ধুর লড়াকু সৈনিকেরা ‘সন্ত্রাসের গডফাদার’ রুহুল কুদ্দুস তালুকদারের বাড়ির সামনে শান্তি সমাবেশ করছে।
জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ অভিযোগ করেছেন, তাঁদের কর্মীরা সমাবেশে আসা-যাওয়ার পথে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার শিকার হয়েছেন। তাঁদের মধ্যে সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল করিম, একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, নলডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মহসিন আলী, সাবেক কমিশনার মোহাম্মদ আখতার, সদস্য আনোয়ার হোসেন ও বড়াইগ্রামের জোয়াড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রঞ্জু উল্লেখযোগ্য।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, এসব ঘটনায় তাঁদের কেউ জড়িত নন।