
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর সফর সফল করতে বিভাগের সব জেলা থেকে নেতা-কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে দিনাজপুর জেলা থেকে ৩১৬টি বাস, কয়েক শ মাইক্রোবাস এবং প্রায় ৩০ হাজার মোটরসাইকেল নিয়ে লক্ষাধিক নেতা-কর্মী সমাবেশে যোগ দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। গতকাল রোববার রাতে এসব বিষয় জানান দিনাজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।
আগামী বুধবার রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভাটি সফল করতে ইতিমধ্যে দিনাজপুর শহর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। জেলা-উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতা-কর্মীদের ছবিসংবলিত ব্যানার, ফেস্টুন টানানো হয়েছে। চলছে মাইকে প্রচার। নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চল সফর অনেক তাৎপর্যপূর্ণ হবে বলে আওয়ামী লীগের নেতারা মনে করছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়ন ও শান্তির দেশে বিরোধী পক্ষ অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে। জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রী রংপুরে আসবেন উন্নয়ন অব্যাহত রাখতে এবং উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে বিশেষ পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন। ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ে নেতা-কর্মীদের নিয়ে কর্মিসভা করা হয়েছে। দিনাজপুর থেকে লক্ষাধিক মানুষ সমাবেশে যোগদান করবেন। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি।’
রেলওয়ে সূত্র থেকে জানা যায়, প্রধানমন্ত্রীর রংপুর সফর উপলক্ষে রেলওয়ে পশ্চিমাঞ্চল (লালমনিরহাট) থেকে আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, বুড়িমারী, লালমনিরহাট, উলিপুর, কুড়িগ্রাম ও বোনারপাড়া থেকে বিশেষ ট্রেনগুলো বুধবার সকাল ৭টা থেকে ১১টার মধ্যে সংশ্লিষ্ট স্টেশন থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে যাবে। সকাল সোয়া ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে ট্রেনগুলো রংপুরে পৌঁছাবে। আটটি ট্রেনে আসনসংখ্যা ৫ হাজার ২১৮টি।
দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট এ বি এম জিয়াউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর রংপুর সফর উপলক্ষে দিনাজপুর থেকে একটিসহ ঠাকুরগাঁও ও পঞ্চগড় থেকে একটি করে বিশেষ ট্রেন দিনাজপুরের ওপর দিয়ে ছেড়ে যাবে। ইতিমধ্যে দিনাজপুরের বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় ভাড়া বাবদ এক লাখ টাকা জমা দিয়েছেন। জনসভায় অংশগ্রহণকারী নেতা–কর্মীরা যাতে নিরাপদে কোনো ভোগান্তি ছাড়াই চলাচল করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বুধবার পার্বতীপুর থেকে পঞ্চগড়ের উদ্দেশে সকাল ৮টায় ছেড়ে যাওয়া কাঞ্চন এক্সপ্রেস এবং সকাল ৬টায় পঞ্চগড় থেকে সান্তাহারের উদ্দেশে ছেড়ে যাওয়া দোলনচাঁপা এক্সপ্রেস বন্ধ থাকতে পারে।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রংপুর বিভাগের প্রতিটি জেলার আওয়ামী লীগের নেতা-কর্মীরা যোগাযোগ করেছেন। ভাড়া পরিশোধ সাপেক্ষে বুধবার আটটি ট্রেন তাঁরা ব্যবহার করবেন। অন্যান্য ট্রেনের সময়সূচিতে যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেভাবেই সাজানো হয়েছে।
দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ভবানি শংকর আগরওয়াল বলেন, দিনাজপুর থেকে মোট ৩১৭টি বাস বিভিন্ন রুটে চলাচল করে। আওয়ামী লীগের নেতারা যোগাযোগ করেছেন। মোট ২৫০টি বাস সমাবেশে যাত্রী পরিবহনের জন্য যাবে। কোন গাড়ি কোন জায়গা থেকে ছাড়বে, তার প্রস্তুতি নেওয়া হচ্ছে। অবশিষ্ট বাসগুলো অন্যান্য রুটে নিয়মিত চলাচল করবে। সাধারণ যাত্রীদের ভোগান্তি যেন না হয়, সে দিকে দৃষ্টি রাখা হয়েছে।