সুখবর

সুচের ফোঁড়ে নারীদের সচ্ছলতার হাসি

উপজেলার বিভিন্ন গ্রামের পাঁচ শতাধিক নারী সংসারে বাড়তি অর্থের জোগান দিচ্ছেন।

তারাগঞ্জের বাছুরবান্ধা গ্রামের নারীরা কাপড়ে নকশা তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তোলা
 প্রথম আলো

সকালে ঘরদোর ও রান্নার কাজ সেরে সন্তানদের স্কুলে পাঠিয়ে অলস সময় কাটত মৌসুমী রানীর। দিনমজুর স্বামীর সংসারে অভাব–অনটন। তিনি ভাবতেন কী করে দুই পয়সা আয় করে সংসারে সচ্ছলতা আনা যায়। একদিন সেই সুযোগ চলে আসে, অলস সময় ব্যস্ততায় কাটে সুচের ফোঁড়ে সুতার নকশায়। বাড়তি আয়ে সংসারে সচ্ছলতা ফেরে, মুখে ফোটে সুখের হাসি।

রংপুরের তারাগঞ্জ উপজেলার বাছুরবান্ধা গ্রামে বাড়ি গৃহবধূ মৌসুমী রানীর। তিনি বলেন, ‘স্বামীর একার আয়ে সংসার চালা খুব কষ্ট হছলো। ভগবানের আশীর্বাদে এখন ভালো আছি। আগোত যে সময় বাসি পার করছি, এখন সেই সময় নকশা তুলি ৫ থাকি ৬ হাজার টাকা আয় করুছি। স্বামীর কামাই, আমার কামাই দিয়ে সুখেই আছি।’

মৌসুমী রানীই শুধু নন, তারাগঞ্জের বাছুরবান্ধা, ধনীপাড়া, ইকরচালী, বালাপাড়া, জিগারতলা, জদ্দিপাড়া, শিকারপাড়া, কুর্শা আদর্শ, ডাঙ্গাপাড়া, বুড়িরহাট গ্রামের পাঁচ শতাধিক নারী সুই-সুতা দিয়ে কাপড়ে নকশা তোলার কাজ করে সংসারে বাড়তি অর্থের জোগান দিচ্ছেন। অভাবের সংসারে এনেছেন সচ্ছলতা।

সম্প্রতি ওই গ্রামগুলোতে গিয়ে দেখা যায়, গ্রামের গৃহবধূদের হাতে হরেক রঙের কাপড়। সেগুলোতে নানা বয়সের নারীরা কোথাও দলবদ্ধভাবে গল্পের সঙ্গে চলছে নকশা তোলার কাজ। কোথাও রান্না উঠিয়ে উঠানে বসে চলছে কাপড়ে সুই-সুতার মেলবন্ধনে নান্দনিক নকশা তোলা।

কাপড়ে নকশা তোলার সময় কথা হয় বাছুরবান্ধা গ্রামের কয়েকজন নারীর সঙ্গে। তাঁরা জানান, তারাগঞ্জের লুৎফা বেগমের হাত ধরে ছয় বছর আগে তাঁরা কাপড়ে নকশা তোলার কাজ শুরু করেন। এর পর থেকে নিয়মিত লুৎফা বেগম নকশা তোলার জন্য কাপড়, সুই, সুতা এনে দেন। নকশা অনুযায়ী মজুরি ভিন্ন হয়। মাসে তাঁরা ৫ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত আয় করেন।

আলমপুর ইউনিয়নের ধনীপাড়া গ্রামের রাওজা আক্তার বিয়ের পর স্বামীর সংসারে এসে দেখেন অভাব আর অভাব। প্রত্যন্ত এলাকায় বাড়ি হওয়ায় কৃষিশ্রমিকের কাজ ছাড়া সেখানে কোনো কাজের সুযোগ ছিল না। কিন্তু রাওজার আক্তারের শেখা ছিল সুই-সুতার কাজ। সেটিই তিনি কাজে লাগান। পাশের ডাঙ্গাপাড়া গ্রামের সুলতানার সহযোগিতায় শাড়িতে কারচুপির কাজ করে মাসে পাঁচ হাজার টাকা আয় করছেন।

শিকারপাড়া গ্রামের ভানু রানীর (৩০) স্বামীর ভিটেমাটি ছাড়া কিছুই ছিল না। এখন টিনের বাড়ি, আবাদি জমি আছে। গাছগাছালিঘেরা বাড়িতে হাঁস, মুরগি, গাভি, ছাগল পালন ও নকশার কাজ করে মাসে পাঁচ হাজার টাকা আয় করছেন। ভানু রানী বলেন, ‘সুই-সুতা মোর সংসারোত সুখ আনি দিছে। নকশা করা টাকা দিয়ে হাঁস, মুরগি, ছাগল নিছু। বইসনা সময় সুই-সুতা দিয়ে কাপড়োত নকশা তুলি দিয়া দিন দেড়-দুই শ টাকা কামাওছি।’

কুর্শা আদর্শ গ্রামের রেশমা খাতুনের (২৮) বিয়ে হয় ১৬ বছর বয়সে। আগে স্বামীর একার আয়ে সংসার চলত না। এখন নকশা তোলার টাকায় সংসার চলছে, স্বামীর আয় জমা থাকছে। রেশমা খাতুন বলেন, ‘এখন অভাব নাই। নকশা তোলার কাজ করি যে টাকা হয়, তাক দিয়া সংসার চলে। স্বামীর কামাই জমা থুই। সংসারে ঝামেলাও নাই, ভালোয় দিন যাওছে।’

তারাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াছমিন বলেন, ‘গ্রামের নারীরা থ্রি–পিস, পাঞ্জাবি, লেহেঙ্গা, শাড়িতে সুই দিয়ে চুমকি, জরি, পুঁতি বসানোর কাজ করেন। একটি সাধারণ কাপড়ে নকশার কাজের পর কতটা অসাধারণ হয়ে ওঠে, তা না দেখে বিশ্বাস করা কঠিন। গ্রামগুলো ঘুরে নারীদের নকশা তোলার কাজ দেখেছি। অর্ডার দিয়ে শাড়িতে নকশা করে নিয়েছি।’

বিভিন্ন জেলার ব্যবসায়ীরা গ্রামের নারীদের এই নকশা তোলার কাজ দেন। এ ছাড়া স্থানীয় অনেক নারীর মাধ্যমেও গৃহবধূরা কাজ পান। তাঁদের একজন কুর্শা গ্রামের লুৎফা বেগম বলেন, উজ্জ্বল রঙের ওপর নকশাগুলো ফোটে ভালো।

শাড়ি, থ্রি–পিস, পাঞ্জাবি, লেহেঙ্গা একেকটিতে নকশা তুলতে একেক রকম সময় লাগে। ঢাকার ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন জেলার পাইকারেরা অর্ডার দিয়ে নকশার কাজ করান। কাজভেদে মজুরি ভিন্ন হয়। একজন নারী মাসে গড়ে ৫–৬ হাজার টাকা আয় করতে পারেন।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুরেশ কাওছার জাহান বলেন, তারাগঞ্জের অনেক নারী নকশার কাজ করে সংসারের চাকা ঘুরিয়ে দিয়েছেন। উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর থেকেও তাঁদের বিভিন্ন সময় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।