গ্রেপ্তার ব্যক্তির সঙ্গে বন বিভাগের কর্মীরা
গ্রেপ্তার ব্যক্তির সঙ্গে বন বিভাগের কর্মীরা

পাচারের জন্য রাখা ১টি মুখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপ উদ্ধার

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বন বিভাগের অভিযানে ১টি মুখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপ উদ্ধার হয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার ভাঙারমুখ বাজার এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. হাদিস রহমান (৪০)। তিনি ঢাকার মিরপুর-১১ এলাকার সুলতান মিয়ার ছেলে। বন বিভাগের দাবি, তিনি দীর্ঘদিন ধরে বন্য প্রাণী পাচারের সঙ্গে যুক্ত। পাচারের জন্য বন্য প্রাণী সংগ্রহের উদ্দেশ্যেই তিনি চকরিয়ায় এসেছিলেন।

বন বিভাগ জানায়, একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন বনাঞ্চল থেকে বন্য প্রাণী সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাচার করে আসছিল। চক্রটি কিছু বন্য প্রাণী পাচারের উদ্দেশ্যে একটি বাড়িতে রেখেছে—এমন খবর পেয়ে অভিযান চালায় বন বিভাগ। এ সময় ১২টি কচ্ছপ ও মুখপোড়া হনুমানটি উদ্ধার হয়েছে। ওই বাড়ি থেকেই হাদিস রহমানকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চুনতি বন্য প্রাণী ও অভয়ারণ্য রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ। তিনি প্রথম আলোকে বলেন, বন্য প্রাণী শিকার, হত্যা, আটক, কেনাবেচা ও পাচার আইনত দণ্ডনীয় অপরাধ। উদ্ধার হওয়া বন্য প্রাণীগুলো পাচারের প্রস্তুতি চলছিল। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী মামলা করা হয়েছে। মঙ্গলবার তাঁকে উদ্ধার হওয়া বন্য প্রাণীসহ চকরিয়া আদালতে সোপর্দ করা হবে।