নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ইউনাইটেড ফিলিং স্টেশনের সামনে বোমা সন্দেহে তালাবদ্ধ ব্যাগ পরীক্ষা করছে ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট। গতকাল শনিবার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ইউনাইটেড ফিলিং স্টেশনের সামনে বোমা সন্দেহে তালাবদ্ধ ব্যাগ পরীক্ষা করছে ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট। গতকাল শনিবার

নারায়ণগঞ্জে তালাবদ্ধ ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক, এরপর যা মিলল

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি ফিলিং স্টেশনে তালাবদ্ধ একটি ব্যাগ পড়ে থাকাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, গোয়েন্দা পুলিশ, র‍্যাব এবং পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যায়।

প্রায় আড়াই ঘণ্টার অভিযানের পর ব্যাগটি খুলে দেখা যায়, এর ভেতরে কোনো বিস্ফোরক নেই। পাওয়া যায় কাপড়চোপড়, একটি পার্স, জাতীয় পরিচয়পত্র ও একটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স।

রাত দুইটার দিকে ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিশেষ পদ্ধতিতে ব্যাগটি পরীক্ষা শুরু করে।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার নয়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ইউনাইটেড ফিলিং স্টেশনের ভেতরে কালো রঙের তালাবদ্ধ ব্যাগ রেখে যান এক নারী। দীর্ঘ সময় ব্যাগটি সেখানে পড়ে থাকলেও কেউ সেটি নিতে না আসায় কর্মচারীদের সন্দেহ হয়।

দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশকে খবর দেওয়া হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে ফেলেন। নিরাপত্তার স্বার্থে প্রায় আধা ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

ব্যাগটি খুলে পাওয়া যায় কাপড়চোপড়, একটি পার্স, জাতীয় পরিচয়পত্র ও একটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স। গতকাল শনিবার

রাত দুইটার দিকে ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিশেষ পদ্ধতিতে ব্যাগটি পরীক্ষা শুরু করে। রাত সোয়া দুইটার দিকে ব্যাগটি খুলে দেখা যায়, ভেতরে কোনো বোমা বা বিস্ফোরক নেই। এরপর স্থানীয় লোকজনের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী প্রথম আলোকে বলেন, ব্যাগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কল্যাণপুর মধুপুর এলাকার বাসিন্দা মোছা. রেখা বেগমের জাতীয় পরিচয়পত্র, তাঁর স্বামী মো. মোশারফ সরকারের নামে একটি পেশাদার ডাইভিং লাইসেন্স, একটি পার্স ও ছেঁড়া কাপড়চোপড় পাওয়া গেছে। কী উদ্দেশ্যে ব্যাগটি এখানে ফেলে যাওয়া হয়, তা খতিয়ে দেখা হচ্ছে।