কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের এক পাশে টংদোকান এবং চা ও মিষ্টির দোকান; বিপরীত পাশে ফলের দোকান
কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের এক পাশে টংদোকান এবং চা ও মিষ্টির দোকান; বিপরীত পাশে ফলের দোকান

ভৈরব রেলস্টেশন

প্ল্যাটফর্ম নয়, যেন ব্যস্ত বাজার

গত সোমবার দুপুর ১২টা ৩ মিনিট। কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে তিতাস কমিউটার ট্রেনটি তখন যাত্রাবিরতি দেয়। যাত্রীরা ২ নম্বর প্ল্যাটফর্ম অতিক্রম করার সময় জটের সৃষ্টি হয়। ভিড় ঠেলে এগিয়ে যাওয়ার সময় এক হকারের গায়ের সঙ্গে গা লাগে এক যাত্রীর। শেষে ক্ষুব্ধ হকারের হাতে লাঞ্ছিত হয়ে ওই যাত্রী প্ল্যাটফর্ম ত্যাগ করেন।

ট্রেনে নিয়মিত আসা-যাওয়া করেন এমন কয়েক যাত্রীর অভিযোগ, বিশেষ করে ২ নম্বর প্ল্যাটফর্মের দুই পাশে ষাটের অধিক স্থায়ী দোকান। উভয় পাশে দোকান থাকায় সংকুচিত মধ্যভাগ দিয়ে যাত্রীদের আসা-যাওয়া করতে হয়। এতে হকারের মালামালের সঙ্গে যাত্রীদের পা লেগে যায়। তখন হকাররা কখনো কখনো যাত্রীদের প্রতি মারমুখী হন। এককথায় ২ নম্বর প্ল্যাটফর্মে হকারের হাতে যাত্রী হয়রানি এখন স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে।

প্ল্যাটফর্মটি বাজারে পরিণত হওয়া এবং যাত্রী দুর্ভোগের কথা অজানা নয় স্টেশনমাস্টার নূর নবীর। তবে দুর্ভোগের দায় তিনি একা নিতে রাজি নন। বেশির ভাগ দায় চাপান রেলওয়ে ও নিরাপত্তা পুলিশের ঘাড়ে। তিনি বলেন, রেলওয়ে থেকে অনুমোদন আনা দোকানের সংখ্যা ২৭। বাকি দোকান সরিয়ে প্ল্যাটফর্ম পরিচ্ছন্ন রাখার দায়িত্ব রেলওয়ে ও নিরাপত্তা পুলিশের।

তবে স্টেশনমাস্টারের এমন দাবির সঙ্গে একমত হতে পারেনি পুলিশের উভয় বিভাগ।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিব-উল-হোসেন বলেন, ‘প্ল্যাটফর্মে কোন দোকান বৈধ, কোনটি অবৈধ, সেটি জানা নেই। কারণ, স্টেশনমাস্টার এ রকম কোনো তালিকা আমাদের দেননি।’

জানা যায়, ভৈরব প্রথম শ্রেণির জংশন স্টেশন। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালী, ঢাকা-ময়মনসিংহ ভায়া ভৈরব রেলপথসহ পূর্বাঞ্চলীয় জোনের সব ট্রেন ভৈরব স্টেশন হয়ে আসা যাওয়া করে। এ স্টেশনে দিনে ২৮টি আন্তনগর ও ২৪টি মেইল ট্রেনের যাত্রাবিরতি রয়েছে। প্ল্যাটফর্ম দুটি। ১ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ১ হাজার ৫০০ ফুট আর ২ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ১ হাজার ৪০০ ফুট। উভয় প্ল্যাটফর্মের প্রস্থ ২৯ ফুট। তবে এখন ২ নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণকাজ চলছে। প্রতি মাসে টিকিট কেটে গড়ে ৬০ হাজার যাত্রী বিভিন্ন গন্তব্যে আসা-যাওয়া করে।

সোমবার বেলা ১১টার দিকে ২ নম্বর প্ল্যাটফর্মে দেখা যায়, এক পাশে ১৮টি টংদোকান, ৪টি চা-দোকান ও ২টি মিষ্টির দোকান রয়েছে। বিপরীত পাশে রয়েছে ২৬টি ফলের দোকান। ১২ জন ভ্রাম্যমাণ হকারের দেখা পাওয়া যায়। ১ নম্বর প্ল্যাটফর্মে রেস্তোরাঁসহ দোকানসংখ্যা ৯। বৈধ মালিকেরা রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার কার্যালয় থেকে বার্ষিক প্রতি ফুট ১২০ টাকা হারে বরাদ্দ এনে দোকান নিয়ে বসেছেন। সেই হিসাবে দোকানপ্রতি মাসে ভাড়া হয় ২৫৬ থেকে সর্বোচ্চ ৭৬৮ টাকা।

রেলওয়ে কর্মকর্তারা বলেন, প্ল্যাটফর্মে ট্রেন থেমে না থাকলে কোনো রকম চলাচল করা যায়। বিপত্তি দেখা দেয়, ট্রেন এলে। উভয় পাশে ট্রেন থামলে চলাচলে প্রতিবন্ধকতা দেখা দেয়। তখন অপ্রীতিকর ঘটনাও ঘটে।

২ নম্বর প্ল্যাটফর্মের দোকানি রাকিব হোসেন। তিনি ফলের পসরা সাজিয়ে বসেছেন। ব্যবসার বয়স পাঁচ বছর। প্ল্যাটফর্মে বসে ফল বিক্রির অনুমোদন নেই তাঁর। প্ল্যাটফর্মে বসতে কাউকে টাকা দিতে হয়নি বলে দাবি তাঁর।

এ ব্যাপারে জানতে চাইলে ভৈরব হকার্স শ্রমিক লীগ সভাপতি মতি মিয়া জানালেন, পকেট ভরার জন্য নয়, অফিস ব্যয় মেটানোর জন্য কিছু টাকা ওঠানো হয়।