গয়না কম দেওয়া বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষ, কনের দাদি নিহত

লাশ
প্রতীকী ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিয়েবাড়িতে স্বর্ণালংকার কম দেওয়া নিয়ে সংঘর্ষে কনের দাদি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কেদার ইউনিয়নে গোলেরহাট গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ রাতেই বর রাইসুল ইসলাম ওরফে রিপনসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে।

নিহত বৃদ্ধার নাম তহুরন নেছা (৬২)। তিনি গোলেরহাট গ্রামের জামাল ইসলামের মা। এ ঘটনায় আজ শুক্রবার সকালে নুর জামাল বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করে মামলা করেছেন।

পুলিশ ও নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে গোলেরহাট গ্রামের জামাল ইসলামের মেয়ে জেসমিন আক্তারের সঙ্গে ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর এলাকার আলিফ উদ্দিনের ছেলে রাইসুল ইসলামের বিয়ে হয়। বিয়ে রেজিস্ট্রি ও খাওয়াদাওয়ার পর্ব শেষে কনেকে সাজানোর সময় দেখা যায়, বরপক্ষ প্রতিশ্রুতি অনুযায়ী দুটি গয়না কম দিয়েছে। এ নিয়ে বর ও কনেপক্ষের লোকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় বরপক্ষের হামলায় কনের দাদি তহুরন নেছা গুরুতর আহত হন। পরে আহত তহুরন নেছাকে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে বরসহ ১২ জনকে আটক করে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, নিহত বৃদ্ধার লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আজ শুক্রবার সকালে মামলা করেছেন কনের বাবা। বরসহ আটক ১২ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।