
খুলনার বটিয়ঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামে সুপার কুইন ফুটবল একাডেমির চার নারী ফুটবলারকে মারধর ও হেনস্তার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে খুলনার সম্মিলিত নারী অধিকার সুরক্ষা ফোরাম। আজ শনিবার দুপুর ১২টার দিকে নগরের পিকচার প্যালেস মোড়ে ওই কর্মসূচি হয়। মানববন্ধন থেকে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, নারীরা আজ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে সব ক্ষেত্রেই এখন নারীরা অগ্রগামী। শত বাধা পেরিয়ে তারা এগিয়ে চলছে। তাদের আটকাতে চায় একদল মানুষ। ওই মানুষেরাই বটিয়াঘাটায় নারী ফুটবলারদের ওপর হামলা করেছে। তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমির খেলোয়াড়দের হাফ প্যান্ট পরাকে কেন্দ্র করে চার নারী ফুটবলার মঙ্গলী বাগচি, সাদিয়া নাসরিন, হাজেরা খাতুন ও জুঁই মণ্ডলকে মারধর ও হেনস্তা করায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।
সংগঠনের আহ্বায়ক নারীনেত্রী তছলিমা খাতুনের সভাপতিত্বে ও সদস্যসচিব সুতপা বেদজ্ঞের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক কুদরত-ই-খুদা, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনা বিভাগীয় সমন্বয়কারী মোমিনুল ইসলাম, ব্লাস্ট খুলনার সমন্বয়কারী অশোক কুমার সাহা, নারীনেত্রী অধ্যক্ষ রেহেনা আক্তার, অধ্যাপক রমা রহমান, অধ্যাপক অজন্তা দাস প্রমুখ।
প্রধানমন্ত্রীর উপহার পেল নারী ফুটবলাররা
বটিয়াঘাটার তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমির মারধরের শিকার নারী ফুটবলারদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রীর চাচাতো ভাই ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন (জুয়েল)। গতকাল বিকেলে খুলনার বটিয়াঘাটার তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে সাদিয়া-মঙ্গলীসহ দলের সদস্যদের হাতে উপহারের ফলগুলো তুলে দেন তিনি।
সেখানে সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেন, খেলাধুলাসহ সব স্তরে নারীরা রাষ্ট্রের ভাবমূর্তি উজ্জ্বল করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদেরকে স্বাবলম্বী করতে সব ধরনের সহযোগিতা করে আসছেন। তারই ধারাবাহিকতায় আজ বিশ্বে নারী দল যেমন ফুটবলে, তেমনি হকি ও ক্রিকেটে সমান ধারায় সাফল্য নিয়ে আসছে। সাফল্যের এই ধারাবাহিকতার পথে যারা অন্তরায় হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) সাঈদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক কাউন্সিলর আলী আকবর, খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, সদর থানা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইফুল ইসলাম, বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীলিপ হালদার, খুলনা জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, জলমা ইউপি চেয়ারম্যান বিধান রায়, তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমির সভাপতি ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক দেবাশীষ কুমার মণ্ডল প্রমুখ।