খুলনায় বন্ধ থাকা দাদা ম্যাচ ফ্যাক্টরির রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ড

খুলনায় দাদা ম্যাচ ফ্যাক্টরির গুদামে লাগা আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার রাতে শহরের রূপসা ট্রাফিক মোড় এলাকায়
ছবি: প্রথম আলো

খুলনা শহরের রূপসা ট্রাফিক মোড় এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা দাদা ম্যাচ ফ্যাক্টরির রাসায়নিকের গুদামে আগুন লেগেছে। আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে ওই আগুনের সূত্রপাত ঘটে।

খুলনার টুটপাড়া ও সদর ফায়ার স্টেশনের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ৮টার দিকে আগুন নেভায়।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় খুলনা নগরের টুটপাড়া, পিটিআই মোড়, রয়েল মোড়সহ পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স খুলনার উপসহকারী-পরিচালক তানহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে ওই গুদামের মধ্যে সালফার নামের একটি রাসায়নিক মজুদ রাখা ছিল। হঠাৎ তাতে আগুন ধরে যায়। দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়েছে।

তানহারুল ইসলাম আরও বলেন, কেন ও কী কারণে আগুন লেগেছে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গোডাউনটি পুরোপুরি পুড়ে গেছে।