
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। আজ রোববার দুপুরে তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দেন তাঁর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৬ মে। ভোট গ্রহণ হবে আগামী ১২ জুন।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, বরিশাল সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে অংশ নিতে আজ পর্যন্ত মেয়র পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে আজ পর্যন্ত তিনজন মেয়র পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আবদুল্লাহর পক্ষে রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের কাছে মনোনয়ন ফরম জমা দেন তাঁর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করিম বলেন, মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ১৬ মে। দুই দিন আগেই মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
আবুল খায়ের আবদুল্লাহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন আমেনা বেগমের ছোট ছেলে। তিনি বরিশালের বর্ষীয়ান নেতা আবুল হাসানাত আবদুল্লাহর ছোট ভাই ও বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর চাচা।