রিনা আক্তারের মতো বিভিন্ন সময় জামালপুরে আরও তিনজনের সাপের কামড়ে মৃত্যু হয়েছে।

রিনা আক্তার (৩৪) নামের এক গৃহবধূকে সাপে কামড়ালে জামালপুর ২৫০ শয্যার হাসপাতালে দ্রুত নেওয়া হয়। কিন্তু হাসপাতালে সাপে কামড়ানো রোগীর প্রতিষেধক টিকা (অ্যান্টিভেনম) নেই। তাঁকে হাসপাতাল থেকে প্রয়োজনীয় সেবা দেওয়া সম্ভব হয়নি। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে। কিন্তু অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।
এ ছাড়া রিনা আক্তারের মতো বিভিন্ন সময় জামালপুরে আরও তিনজনের সাপের কামড়ে মৃত্যু হয়েছে। রিনার বাড়ি মাদারগঞ্জ উপজেলার আদ্রারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া গ্রামে। তাঁর স্বামীর নাম আবদুল হাকিম। এই দম্পতির তিনটি সন্তান রয়েছে। ৬ মাস বয়সী ১ কন্যা, ১০ ও ৭ বছর বয়সী ২ ছেলে রয়েছে। মা ছাড়া সন্তানদের নিয়ে বিপাকে পড়েছেন হাকিম। ছোট্ট শিশুসন্তানদের সামলাতে তিনি হিমশিম খাচ্ছেন।
১৬ জুলাই রাত ১২টার দিকে রিনাকে ঘরের ভেতর সাপে কামড়ায়। সঙ্গে সঙ্গে তাঁকে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হয়। অ্যান্টিভেনম না থাকায় হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালে নেওয়ার পথে ১৭ জুলাই ভোরে রিনার মৃত্যু হয়।
জেলার ২৬ লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা জামালপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল। এই হাসপাতালে সব ধরনের রোগের পাশাপাশি সাপের কামড়ানো রোগীদের চিকিৎসা দেওয়া হয়। কিন্তু দেড় মাস ধরে এই হাসপাতালে সাপে কামড়ানো রোগীর প্রতিষেধক টিকা নেই। সাপে কামড়ানো রোগীদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এতে চিকিৎসার অভাবে অনেকের মৃত্যু হচ্ছে।
হাকিম প্রথম আলোকে বলেন, ‘সাপে কামড়ানোর দুই দিন আগে থেকে তাঁর (রিনা) জ্বর ছিল। ওই দিন রাতে বিছানায় শুয়ে ছিল। পানি খাওয়ার জন্য ফ্রিজের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে বাম পায়ে সাপে কামড় দেয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সেখানে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। চিকিৎসকেরা তাঁকে ময়মনসিংহে পাঠিয়ে দেন। নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে ছটফট করতে করতে মারা যান। ওই ওষুধ হাসপাতালে থাকলে, আমার স্ত্রী বেঁচে থাকত। আর সন্তানরাও তাঁদের মাকে হারাত না। এভাবে যাতে আর কারও মৃত্যু না হয়। মা ছাড়া ছোট্ট ছোট্ট সন্তানদের লালন–পালন করা অনেক কষ্টের। সেটা আমি বুঝতেছি।’
১৫ জুলাই জামালপুর শহরের এক তরুণীকে সাপে কামড় দেয়। পরিবারের সদস্যরা তাঁকে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু তিনিও ওই ওষুধ পাননি। ওই তরুণীর বাবা নজরুল ইসলাম বলেন, ওই দিন বিকালে তাঁর মেয়েকে সাপে কামড় দেয়। বিষয়টি তাঁরা জানতেন না। পরে রাতে যখন তাঁর মেয়ে অসুস্থ হয়ে পড়েন। তখন দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে সাপে কামড়ানো প্রতিষেধক ছিল না। পরে অনেক খোঁজাখুঁজি করে, বাইরের একটি ফার্মেসি থেকে কিনে আনা হয়। তারপর সুস্থ হন।
জামালপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দেড় মাস থেকে সাপে কামড়ানো রোগীর চিকিৎসার ওষুধ নাই। এই সময়ের মধ্যে চারজন সাপে কামড়ানো রোগী হাসপাতালে এসেছিলেন। তাঁর মধ্যে একজন নারীর অবস্থা খুব খারাপ ছিল। তাঁকে ময়মনসিংহে স্থানান্তর করা হয়েছিল। শুনেছি পথেই তাঁর মৃত্যু হয়েছে। অ্যান্টিভেনমের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে বরাদ্দ চাওয়া হয়। একই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে স্বাস্থ্য অধিদপ্তরে লোকও পাঠিয়ে ছিলাম। যাতে দ্রুত বরাদ্দ পাওয়া যায়। কিন্তু এখনো বরাদ্দ পাওয়া যায়নি।’
জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহাঙ্গীর সেলিম বলেন, অ্যান্টিভেনমের অভাবে সাপের কামড়ে নারী-পুরুষ মারা যাচ্ছেন। কিন্তু জেলার কোনো স্বাস্থ্য কমপ্লেক্সেই অ্যান্টিভেনম নেই। এ ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগের উদাসীনতা রয়েছে। অ্যান্টিভেনম শেষ হওয়ার আগেই তাদের উচিত স্বাস্থ্য অধিদপ্তরে বরাদ্দ চাওয়া। কিন্তু তারা সেটা করে না। ফলে সাপে কামড়ে অনেক রোগী মারা যাচ্ছেন।
জামালপুরের সিভিল সার্জন প্রণয় কান্তি দাস বলেন, ‘এই মুহূর্তে কোনো স্বাস্থ্য কমপ্লেক্সেই সাপে কামড়ানো রোগীর প্রতিষেধক টিকা নেই। যে কয়েকটি ওষুধ আছে, তা মেয়াদোত্তীর্ণ। বড় সমস্যা হচ্ছে, এই ওষুধের মেয়াদ অল্প সময়ের জন্য থাকে। প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের জন্যে ৫০টি করে অ্যান্টিভেনমের বরাদ্দ চাওয়া হয়েছে। আশা করছি, দ্রুত বরাদ্দ পাওয়া যাবে।’