বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি

নবীন-প্রবীণদের স্মৃতিচারণায় জমে ওঠে মিলনমেলা

মানিকগঞ্জের আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চবিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলা। শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে
ছবি: প্রথম আলো

কনকনে শীতে কুয়াশায় মোড়ানো চারপাশ। পৌষের শীত উপেক্ষা করে শিশুসন্তানকে নিয়ে প্রাণের বিদ্যাপীঠে হাজির হন আইরিন সুলতানা (২৬)। দীর্ঘ এক যুগ পর পুরোনো বান্ধবী ও সহপাঠীদের কাছে পেয়ে আনন্দে মেতে ওঠেন তিনি। আড্ডা, সেলফি আর স্মৃতিমন্থনে জমে ওঠে মিলনমেলা।

আজ শনিবার মানিকগঞ্জ সদর উপজেলার ৭৫ বছরের পুরোনো আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে এভাবে মেতে ওঠেন নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা। অনুষ্ঠানের জন্য প্রায় এক মাস আগে থেকে চলে নিবন্ধনপ্রক্রিয়া। গতকাল মধ্যরাত পর্যন্ত উপহারসামগ্রী মোড়কজাত করা হয়। আনন্দ উৎসবের জন্য সাজানো হয় পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।

সকাল সকাল বিদ্যালয়ে আসতে শুরু করেন প্রাক্তন শিক্ষার্থীরা। এরপর পুনর্মিলনী উদ্‌যাপন কমিটির সদস্যদের কাছ থেকে টি-শার্ট, ব্যাগ ও উপহারসামগ্রী নেন তাঁরা। সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠ থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি আটিগ্রাম বাজার প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

পরে বিশাল প্যান্ডেলে সহস্রাধিক চেয়ারে সারিবদ্ধভাবে বসেন প্রাক্তন শিক্ষার্থীরা। জাতীয় সংগীত পরিবেশনের পর বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শুরু হয় প্রবীণ ও নবীন শিক্ষার্থীদের স্মৃতিচারণা অনুষ্ঠান।

মধ্যাহ্নভোজের পরও চলে স্মৃতিচারণা অনুষ্ঠান। বিকেলে চা বিরতির পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ বেশ কয়েকজন শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।

শফিকুল ইসলাম বলেন, ৭৫ বছরের পুরোনো এই বিদ্যালয় থেকে বহু শিক্ষার্থী পাস করে বেরিয়েছেন। তাঁরা দেশের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ও করছেন। বিদ্যালয়ের প্রতি ভালোবাসা থেকেই প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলার আয়োজন। ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠ থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি আটিগ্রাম বাজার প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়

বিদ্যালয়ের ১৯৭৫ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী আলমগীর হোসেন বলেন, ‘সেই সময় এসএসসি পরীক্ষায় আমি প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছিলাম। এ জন্য শিক্ষকেরা আমাকে পুরস্কৃত করেছিলেন। সেই আনন্দময় স্মৃতি এখনো মনে পড়ে।’ ওই ব্যাচের আরেক শিক্ষার্থী গৌরাঙ্গ চন্দ্র সরকার বলেন, ‘আজকের দিনটি আমাদের জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে। বহুদিন পর পুরোনো সহপাঠী-বন্ধুদের কাছে পেয়ে পার্থিব জগৎটাকে ভুলে গিয়েছি।’

১৯৮২ সালে বিদ্যালয়ের এসএসসির শিক্ষার্থী পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মোজাহারুল আলম পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক। স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি বলেন, ‘পুরোনো বন্ধুদের সঙ্গে কত দিন একসঙ্গে আড্ডা হয় না। আজকে মনে হচ্ছে, আবার পুরোনো দিনে ফিরে গেছি।’