রাজশাহীতে স্কুলে এসএসসি পরীক্ষার ব্যবহারিক খাতা দেখাতে যাওয়া এক ছাত্রীকে ছুরিকাঘাত করে পালিয়েছেন তার এক বান্ধবীর স্বামী। আজ রোববার দুপুর ১২টার দিকে রাজশাহী নগরের বোয়ালিয়া থানার নর্দানের মোড় প্রফেসরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী ওই এলাকার রাজশাহী আদর্শ উচ্চবিদ্যালয়ের ছাত্রী।
ওই ছাত্রী এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। ব্যবহারিক খাতা দেখাতে সে আজ দুপুরে স্কুলে এসেছিল। স্কুল থেকে প্রায় ২০০ মিটার দূরে ঘটনাটি ঘটে। ছুরিকাঘাতে ওই ছাত্রীর হাতে ও পিঠে জখম হয়েছে। হামলাকারী পালিয়ে যাওয়ার পর এলাকার লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানান, ওই ছাত্রীর শরীরের একাধিক স্থানে ধারাল অস্ত্রের জখম রয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, ঘটনার সময় ওই ছাত্রী ও তার দুই বান্ধবী ছিল। হামলাকারী তরুণ আহত ছাত্রীর এক বান্ধবীর স্বামী। হামলার পর তারা পালিয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষ কিংবা পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি। আহত ছাত্রীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
স্কুলের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনার ব্যাপারে কিছু জানতে পারিনি। পুলিশের কাছে প্রথম শুনেছি। শুনলাম মেয়েটার বাড়ি তালাইমারী এলাকায়। সে আমাদের মানবিক বিভাগের ছাত্রী। এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। এর বেশি কিছু জানি না।’
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘কে কেন এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনো তথ্য পাইনি। মেয়েটির সঙ্গে কথা বলতে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। কথা বলা সম্ভব হলে বিস্তারিত জানা যাবে। সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’