চট্টগ্রামের পটিয়ায় মহাসড়ক অবরোধ। আজ বেলা আড়াইটার দিকে
চট্টগ্রামের পটিয়ায় মহাসড়ক অবরোধ। আজ বেলা আড়াইটার দিকে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের এক ঘণ্টা সড়ক অবরোধ

ঢাকার কর্মসূচিতে পুলিশের লাঠিপেটার অভিযোগ এনে এর প্রতিবাদে প্রায় এক ঘণ্টা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ বেলা পৌনে দুইটার দিকে চট্টগ্রামের পটিয়ার কাগজীপাড়া মডেল মসজিদের সামনে তাঁরা মহাসড়ক অবরোধ শুরু করেন। বেলা পৌনে তিনটার দিকে মহাসড়ক থেকে সরে যান তাঁরা।

অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দেয়। দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা। অবরোধ কর্মসূচিতে স্থানীয় অনেক বাসিন্দাও অংশ নেন।

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুতদের একজন দিদারুল আলম অবরোধ চলাকালে প্রথম আলোকে বলেন, ‘এক সপ্তাহ ধরে ঢাকায় ইসলামী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের সামনে চাকরিচ্যুত ব্যাংকারদের কর্মসূচি চলছে। আজ আন্দোলনকারীরা চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের দিকে গেলে পুলিশ তাঁদের অতর্কিতে লাঠিপেটা করে। এর প্রতিবাদে আমরা মহাসড়ক অবরোধ করেছি। পটিয়াতেও পুলিশ আমাদের লাঠিপেটা করেছে।’

অবরোধের কারণে মহাসড়কে আটকে পড়ে ছোট–বড় যানবাহন। আজ বেলা আড়াইটার দিকে

পটিয়ায় বিক্ষোভে অংশগ্রহণকারীদের আরেকজন কানুন উদ্দিনও দাবি করেন তাঁদের ওপর পুলিশ লাঠিপেটা করেছে। তিনি বলেন, ‘শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি চলার সময় বেলা আড়াইটার দিকে পুলিশ আমাদের লাঠিপেটা করে। আমাদের ৮–১০ জন আহত হয়েছেন।’ কানুন আরও বলেন, ‘আমরা চাই চাকরিচ্যুত কর্মকর্তা–কর্মচারীদের পুনর্বহাল করা হোক। অন্যথায় আমাদের ধারাবাহিক আন্দোলন চলবে।’

জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা বুঝিয়ে অবরোধ করা ব্যক্তিদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছি। এরপর যান চলাচল স্বাভাবিক হয়েছে। লাঠিপেটার অভিযোগ সত্য নয়।’