মুন্সিগঞ্জের সিরাজদিখানে জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসলামি ইজতেমায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ শুক্রবার বিকেলে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসলামি ইজতেমায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ শুক্রবার বিকেলে

যারা থানা জ্বালিয়েছে, হাসপাতাল জ্বালিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, সীমান্তের ওপার থেকে প্রতিনিয়ত অডিও-ভিডিওর মাধ্যমে দেশে আগুন লাগানোর উসকানি দেওয়া হচ্ছে।

আজ শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখানে জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসলামি ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, যারা থানা জ্বালিয়ে দিয়েছে, হাসপাতাল জ্বালিয়ে দিয়েছে, সংসদ সদস্যদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, দোকানপাট জ্বালিয়ে দিয়েছে; তাদের চিহ্নিত করা হয়েছে। সীমান্তের ওপার থেকে প্রতিনিয়ত অডিও-ভিডিওর মাধ্যমে আগুন লাগিয়ে দিতে বলা হচ্ছে। এখানে লুকিয়ে থাকা তাদের নেতা–কর্মীদের ইন্ধন, উসকানি ও আগুন লাগানোর নির্দেশ দেওয়া হচ্ছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় আগুন দেন দলটির নেতা–কর্মীরা। এ ছাড়া বিএনপিদলীয় স্থানীয় দুই সংসদ সদস্যের বাড়িতে এবং বিএনপির এক সংসদ সদস্যের মালিকানাধীন হাসপাতালেও অগ্নিসংযোগ করা হয়।

শিল্পাঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মজুরি বোর্ডের মাধ্যমে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। কিন্তু এখনো কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের নাম ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তারা কারা, তা চিহ্নিত করা হয়েছে।

বাংলাদেশের মাটিতে আর কখনো পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘তারা অগ্নিসন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে। তাদের পূর্বের ইতিহাস আমরা জানি। এ দেশে তাদের অগ্নিসন্ত্রাসের চেষ্টা কখনো সফল হতে দেব না।’

গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ ও তর্ক-বিতর্ক থাকলেও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে যেভাবে গণতান্ত্রিক ঐক্য গড়ে উঠেছিল, আবারও সেভাবে ঐক্য গড়ে তুলতে হবে। এর মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ, শান্তিশৃঙ্খলা ও উন্নতি নিশ্চিত করা হবে।

এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, অন্যান্য ধর্মাবলম্বী, বিভিন্ন জাতিগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ সবাই মিলে বাংলাদেশে বসবাস করছেন। এতে কোনো সমস্যা নেই। সবাই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে এ দেশের সমান নাগরিক। সবার নাগরিক অধিকার সমান।

খতমে নবুওয়াত সম্মেলনের দাবি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে হুজুরদের পক্ষ থেকে আগে যেসব দাবি ছিল, এখনো আছে। সেগুলো আইনের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করা হবে। যেসব দাবি বাস্তবায়ন করা সম্ভব হবে, সবাইকে সঙ্গে নিয়েই তা করা হবে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল হামিদ মধুপুর পীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আবদুল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দ নুর মহল আশরাফী, পুলিশ সুপার মো. বদরুদ্দোজা।

তিন দিনব্যাপী এ আয়োজনে অনেক আলেম–ওলামা অংশ নেন। আয়োজনের দ্বিতীয় দিন আজ শুক্রবার মাহফিলে ছিল মানুষের বিপুল অংশগ্রহণ।