আনোয়ারায় আগুনে পুড়ল একটি ব্যাংকের শাখা ও ২০টি দোকান

চট্টগ্রাম জেলার মানচিত্র
চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আগুনে বেসরকারি এবি ব্যাংকের শাখা ও ২০টি দোকান পুড়ে গেছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত ১২টার দিকে চাতরী চৌমুহনী বাজারের ভোজনবাড়ি রেস্টুরেন্টের নিচে একটি ছোলা-মুড়ির দোকানে আগুন লাগে। এরপর তা আশপাশের দোকান এবং এবি ব্যাংকের শাখায় ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের তীব্রতা বেড়ে গেলে লোকজন তা নেভাতে হিমশিম খায়। পরে আনোয়ারা, লামার বাজার, বাঁশখালী, চন্দনাইশ ও সিইউএফএল ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করলে রাত চারটার দিকে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ সময় এবি ব্যাংকের প্রহরীসহ আটকে পড়া দুজনকে উদ্ধার করা হয়।

চাতরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আগুনে এবি ব্যাংকের শাখা ও ২০টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ চলছে।

আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলাল বলেন, ঘটনার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করেছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এর আগে গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার শিকলবাহা ইউনিয়নের শিকলবাহা এলাকায় আগুনে ১৩টি বসতঘর পুড়ে যায়।