
নোয়াখালীর কবিরহাট উপজেলায় চার বছর বয়সী এক মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এয়ারপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার তরুণের নাম আবদুল আউয়াল ওরফে সাজু (২৫)।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর বেলা ১১টার দিকে আবদুল আউয়াল ওই শিশুকে চকলেট জাতীয় জিনিস দেওয়ার কথা বলে তাঁর ঘরে নিয়ে যান। পরে শিশুটিকে তিনি ধর্ষণ করেন। শিশুটি বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানায়। এরই মধ্যে বাড়ি থেকে পালিয়ে যান আওয়াল। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় গতকাল রোববার রাতে শিশুটির বাবা বাদী হয়ে কবিরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে আগের একটি মাদক মামলা আছে। আজ দুপুরে গ্রেপ্তার আউয়ালকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।