গ্রেপ্তার মো. শফিকুল ইসলাম
গ্রেপ্তার মো. শফিকুল ইসলাম

দেয়াল টপকে কারাগার থেকে পালিয়ে যান যুবক, ৯ মাস পর গ্রেপ্তার

খাগড়াছড়ি জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া মো. শফিকুল ইসলাম (২৪) নামের এক বন্দীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। খাগড়াছড়ি সদর থানা ও চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পুলিশের দুটি দল যৌথভাবে এ গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। শফিকুল খাগড়াছড়ি সদর উপজেলার ইসলামপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ব্যাটারিচালিত অটোরিকশা চুরির মামলায় ছয় মাসের কারাদণ্ড হয়েছিল শফিকুল ইসলামের। তিনি এক মাস ১৭ দিন কারাদণ্ড ভোগ করেন। এরপর ২০২৫ সালের ৯ নভেম্বর খাগড়াছড়ি জেলা কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান। এ ঘটনার ৯ মাস ১১ দিন পর তাঁকে গ্রেপ্তার করা হলো।

জানতে চাইলে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম নগরের কোতোয়ালি পুলিশের সহায়তায় শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার শফিকুলকে আজ শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।