আবদুল্লাহ সাঈদ ও রমজান আলী অষ্টম শ্রেণিতে পড়ে। দুই সহপাঠীর মধ্যে ছিল গভীর বন্ধুত্ব। ১ অক্টোবর রমজানের জন্মদিনে টিফিনের টাকা বাঁচিয়ে নতুন শার্ট-প্যান্ট কিনে দিয়েছিল আবদুল্লাহ সাঈদ। কথা ছিল, পূজার ছুটি শেষে সেই পোশাক পরে রমজান স্কুলে আসবে।
দীর্ঘ ছুটি শেষে সোমবার ওই নতুন পোশাক পরে রমজান স্কুলেও এসেছিল। কিন্তু তাকে আবদুল্লাহ সাঈদ দেখেছে নিথর দেহে। তখন পরনে থাকা উপহারের শার্ট-প্যান্ট ছিল রক্তমাখা।
ঘটনাটি রংপুরের পীরগঞ্জের। ওই দুই বন্ধু উপজেলার মদনখালী ইউনিয়ন পরিষদের খেতাবেরপাড়া পল্লীমঙ্গল উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করত। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে সোমবার দুপুরে দুই পক্ষের সংঘর্ষ হয়। বিদ্যালয়ের পাশে চলা এই সংঘর্ষের সময় ছুড়ে মারা বল্লম ও তির বিদ্ধ হয়ে নিহত হয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী রমজান আলী (১৪)।
পীরগঞ্জ উপজেলা সদর থেকে রমজান আলীর বাড়ি প্রায় ১৩ কিলোমিটার দূরে অনন্তপুর কলোনিপাড়া গ্রামে। ময়নাতদন্ত শেষে পুলিশ আজ মঙ্গলবার দুপুরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রমজান আলীকে দাফন করা হয়। এ সময় প্রতিবেশী ও স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।
দাফনের আগে বাড়িতে গিয়ে দেখা যায়, তার সহপাঠী বন্ধু আবদুল্লাহ সাঈদ বিমর্ষ হয়ে উঠানে বসে কাঁদছে। বাড়িতেও চলছে স্বজনদের আহাজারি। গ্রামের লোকজনও শোকে মুহ্যমান।
এ সময় আবদুল্লাহ সাঈদ বলে, ‘শরীর খারাপ লাগায় সোমবার স্কুলে যাইনি। বন্ধুর সঙ্গে দেখাও হয়নি। পূজার ছুটির আগে জন্মদিনে বন্ধুকে (রমজান আলীকে) শার্ট-প্যান্ট কিনে উপহার দিছিলাম। খুব ভালোবাসতাম তাকে। সেই শার্ট-প্যান্ট পরে আমাকে দেখাতে সে স্কুলে গিয়েছিল। যখন তাকে মারে, তখন ওই পোশাকেই ছিল সে। এখন আমি স্কুলে গিয়ে কার সঙ্গে খেলব, কথা বলব। আমাকে সে সাইকেলে চড়ায়ে ঘুরাত। আমার বন্ধুকে এভাবে কেন মারল? বিচার চাই আমি।’
দাফনের আগে বন্ধুর লাশ দেখতে এসে কান্নায় ভেঙে পড়ে সহপাঠী সবুজ মিয়া, মিম হোসেন, অনিক হাসান, জাহিদ হাসানসহ অনেকেই। সবুজ মিয়া বলে, ‘আমাদের বলার কিছু নাই। আমরা সবাই বিচার চাই।’ আরেক সহপাঠী আরিফুল ইসলাম বলে, ‘খুব কষ্ট পাচ্ছি। ওকে ছাড়া আমরা স্কুলে পড়ব কেমন করে!’
রমজানের মৃত্যুতে ভেঙে পড়েছে প্রতিবেশীরাও। প্রতিবেশী মরিয়ম বেগম বলেন, ‘ছাওয়াটাক (রমজানকে) কোলোত পিঠোত করি মানুষ করছি। এমতোন ভালো ছাওয়া গ্রামোত নাই। স্কুলমাস্টারের দলাদলির কারণে মারামারির সময় সেই ছাওয়াটাক মারি ফেলাইলো! ওঁরা তো কাঁয়ো মরে নাই। এই কষ্ট হামরা কেমনে সহ্য করি।’
দাফনের আগে রমজান আলীর লাশ দেখানো হয় তার মা গোলাপি বেগমকে। এ সময় প্রিয় সন্তানের মুখ দেখে তিনি আছড়ে পড়েন লাশের ওপর। স্বজনেরা তাঁকে ধরাধরি করে ওঠানোর পর প্রিয় সন্তানের মুখ ও মাথায় হাত বুলিয়ে তিনি বলেন, ‘তোক ছাড়া মুই বাইচপ্যার নেও বাবা। তুই যা মুইও তোর গোড়োত আসিম।’
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ওই স্কুলশিক্ষার্থী নিহতের ঘটনায় পীরগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে। একটি মামলা করেছেন নিহত শিক্ষার্থীর মা গোলাপী বেগম। মামলায় তিনি আসামি করেছেন ১৭ জনকে। অন্যটি করেছে পুলিশ বাদী হয়ে। পুলিশের মামলায় এজাহারভুক্ত আসামি করা হয়েছে ২৫ জনকে। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১১ জনকে। আরও একটি মামলা প্রক্রিয়াধীন।