বিএনপির অবরোধ

গাড়ি চলাচল বেড়েছে, মহাসড়কে পুলিশ-বিজিবির টহল

অবরোধের দ্বিতীয় দিন মহাসড়কে বেড়েছে যানবাহন চলাচল। আজ সকাল সাড়ে নয়টায় চট্টগ্রামের মিরসরাই থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
ছবি: ইকবাল হোসেন।

বিএনপি-জামায়াতের দেওয়া অবরোধের দ্বিতীয় দিনে আজ বুধবার সকাল থেকে যানবাহন চলাচল বেড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। যাত্রীবাহী বাস তেমন না চললেও স্বল্প দূরত্বের ছোট যানবাহন ও মালবাহী ট্রাক-কাভার্ড ভ্যানের চলাচল বেড়েছে গতকালের চেয়ে বেশি। তবে দূরপাল্লার বাস না থাকায় অনেক যাত্রী পড়েছেন ভোগান্তিতে। আজ সকালে মহাসড়কে মিরসরাই-চট্টগ্রাম শহর রুটের চয়েস ও উত্তরা সার্ভিসের কিছু যাত্রীবাহী বাস চলতে দেখা গেছে। আজও সড়ক নিরাপদ রাখতে সকাল থেকে টহল দিচ্ছে পুলিশ ও বিজিবি।

আজ ভোর থেকে মিরসরাই উপজেলা অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘুরে দেখা যায়, স্বল্প দূরত্বের যানবাহনগুলো চলছে স্বাভাবিক নিয়মে। সড়কে যানবাহনের সংখ্যা বাড়ায় প্রথম দিনের মতো যাত্রী ছাউনিগুলোয় মানুষের ভিড় ছিল না। সকাল থেকেই উপজেলাজুড়ে মহাসড়কে পুলিশ ও বিজিবির টহল ছিল প্রতিনিয়ত। আজ সড়কে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপস্থিতি ছিল কম। অবরোধের সমর্থনে বিএনপি–জামায়াতের নেতা-কর্মীদেরও সড়কে দেখা যায়নি।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন প্রথম আলোকে বলেন, ‘অবরোধে মহাসড়কে যাতে কেউ কোনো নৈরাজ্য করতে না পারেন, সে জন্য সার্বক্ষণিক পুলিশ ও বিজিবির টহল রয়েছে। এখনো পর্যন্ত কোথাও কোনো সংঘাত ও সংঘর্ষের খবর নেই। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।’