শ্রীপুরে রেললাইন থেকে যুবকের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার

ট্রেন দুর্ঘটনা
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেললাইন থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে শ্রীপুরের বরমী ইউনিয়নের মাইজপাড়া অংশে খণ্ডবিখণ্ড লাশটি পড়ে ছিল।

নিহত আকরাম হোসেন (২৮) বরমী ইউনিয়নের নিমাইচালা গ্রামের আফির উদ্দিনের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা। তবে তিনি কোন ট্রেনে, কীভাবে কাটা পড়েছেন, তা জানা যায়নি।

নিহত যুবকের স্বজনদের বরাত দিয়ে স্থানীয় ইউপির সদস্য মোক্তার হোসেন বলেন, আকরাম হোসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন। এলাকার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। আজ সকালে মাইজপাড়া কমলা পুকুরপাড় এলাকায় খণ্ডিত লাশ দেখতে পান স্থানীয় লোকজন। তাঁরা শ্রীপুর রেলস্টেশন কর্তৃপক্ষকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা এসে আকরামের পোশাক দেখে লাশ চিহ্নিত করেন। লাশটি একাধিক টুকরা হয়ে রেলের স্লিপারের পাশে পড়ে ছিল। শরীর থেকে মাথা ১০০ ফুট দূরে ছিটকে পড়ে।

শ্রীপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার শামীমা জাহান বলেন, বরমীর মাইঝপাড়া রেলক্রসিংয়ের কাছে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। সকালের দিকে সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়।