রামুর লোকালয়ে অসুস্থ হাতির দৌড়ঝাঁপ, দূরে ঘুরছে শাবক

লোকালয়ে আসা হাতিটিকে মশাল জ্বালিয়ে জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। শনিবার সন্ধ্যায় কক্সবাজারের রামুর ঈদগড় সড়কে
ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের করলিয়ামুরা এলাকায় লোকালয়ে একটি হাতি দৌড়ঝাঁপ করছে। বন্য হাতিটি অসুস্থ। লোকালয়ের আশপাশে হাতির একটি শাবককেও ঘুরতে দেখা গেছে। হাতিটির দৌড়ঝাঁপ নিয়ে আতঙ্কে আছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় ঈদগড়ের কৃষক মাইন উদ্দিন (৫৫) বলেন, শনিবার বেলা তিনটার দিকে গহিন জঙ্গল থেকে মা হাতিটি করলিয়ামুরা এলাকায় নেমে আসে। সন্ধ্যা সাতটার দিকে হাতিটি ঈদগড়-বাইশারী সড়কের ওপর চলে আসে। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। রাত আটটার দিকে হাতিটি সড়কের পাশে জঙ্গলে আশ্রয় নেয়।

স্থানীয় লোকজন জানান, দূর থেকে দেখতে হাতিটি অসুস্থ মনে হয়েছে। ঠিকমতো হাঁটাচলাও করতে পারছিল না। সম্ভবত খাদ্য–সংকটে পড়ে দুর্বল হয়ে পড়েছে। হাতিটি দেখতে জঙ্গলের পাশে লোকজনের সমাগম ঘটে। রাতে লোকজনের ঘরবাড়িতে হামলা করতে পারে, এ শঙ্কা অনেকের মনে।

কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগড় বনরেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে বন বিভাগের লোকজন রয়েছেন। অসুস্থ মা হাতিটিকে বনে ফেরানোর চেষ্টা চলছে। রাতে মশাল জ্বালিয়ে হাতিটিকে বনের দিকে তাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু হাতি সরছে না। হাতির বয়স আনুমানিক ২০ বসর। অসুস্থ হাতির চিকিৎসার জন্য ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি সার্জনকে খবর দেওয়া হয়েছে।

বনকর্মীরা বলেন, হাতিটির একটি শাবকও রয়েছে। শাবকটিও লোকালয়ের আশপাশে ঘুরছে। তবে রাত সাড়ে আটটা পর্যন্ত বন্য হাতি কারও ক্ষতি করেনি।