সিরাজগঞ্জ

স্কুলে মাঠ নেই, খেলাধুলা বন্ধ

সিরাজগঞ্জের পাঁচ শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ নেই। এতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে।

সিরাজগঞ্জ পৌর শহরের মোহাম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে খেলার মাঠ নেই। সম্প্রতি বিদ্যালয়টির প্রধান ফটকের সামনে
ছবি: প্রথম আলো

পঞ্চম শ্রেণির ছাত্র মেহেদী হাসান। পড়াশোনায় ভালো সে। দিনের বেশির ভাগ সময়ই বই নিয়ে কাটে তার। কিন্তু শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের দরকার হলেও সেগুলো সে করতে পারছে না। কারণ, তার বিদ্যালয়ে কোনো মাঠ নেই।

মেহেদী হাসান সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার প্রত্যন্ত ব্রহ্মগাছা ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। এই বিদ্যালয়ের মতো সিরাজগঞ্জের ৫২১টি প্রাথমিক বিদ্যালয়ে কোনো খেলার মাঠ নেই। এতে মেহেদী হাসানের মতো এসব বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। এ কারণে অনেক শিক্ষার্থী বিষণ্নতায়ও ভোগে।

শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত মাঠ না থাকার সত্যতা স্বীকার করে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিশুদের মানসিক বিকাশ এবং সুশৃঙ্খল জীবন গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। বিদ্যালয়গুলোতে মাঠ না থাকার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়েছেন।

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ১ হাজার ৬৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে ৫২১টি বিদ্যালয়ে কোনো খেলার মাঠ নেই।

উপজেলা পর্যায়ের পরিসংখ্যান ঘেঁটে দেখা গেছে, বেলকুচির ১৫৪টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫টিতে, উল্লাপাড়ায় ২৭৮টির মধ্যে ৭৮টিতে, কাজীপুরের ২৩৭টির মধ্যে ১১৪টিতে, চৌহালীর ১২৮টির মধ্যে ১৫টিতে, কামারখন্দের ৮৩টির মধ্যে ১৫টিতে, তাড়াশের ১৩৬টির মধ্যে ৮২টিতে, শাহজাদপুরের ২২৪টির মধ্যে ৭২টিতে, রায়গঞ্জের ১৮৫টির মধ্যে ১২০টিতে ও সিরাজগঞ্জ সদরে ২৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২০টিতে খেলার মাঠ নেই।

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, জেলায় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩ লাখ ৯৫ হাজার ৭৪৯ শিক্ষার্থীর জন্য অবশিষ্ট ১ হাজার ১৫০টিতে খেলার মাঠ থাকলেও আয়তনে তা খুবই সরু। এদের মধ্যে প্রায় ৩২০টি খেলার মাঠকে প্রতিষ্ঠানের উঠান বলা যেতে পারে। এ ছাড়া জেলায় বেসরকারি সংস্থার (এনজিও) বিদ্যালয় ৩১০টি, কিন্ডারগার্টেন ৫২৬টি, উচ্চবিদ্যালয় সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় ৮টিসহ অন্যান্য প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১২৯টি। এগুলোর মধ্য অধিকাংশের কোনো খেলার মাঠ নেই।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, জেলার শাহজাদপুর উপজেলায় পৌর শহরের কিরণবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কোনো খেলার মাঠ নেই। দরগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রয়েছে একচিলতে জায়গা। নরিনা ইউনিয়নের বাচামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ বলে কিছু নেই। খেলার মাঠ নেই হলদিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এমন অবস্থাই রয়েছে এই উপজেলার ৭২টি প্রাথমিক বিদ্যালয়ে।

এ ব্যাপারে শাহজাদপুর পৌর শহরের কিরণবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা খাতুন বলেন, ‘আমার বিদ্যালয়ে শিক্ষার্থী ৬১০ জন। এদের মধ্যে ৯০ থেকে ৯৫ ভাগ উপস্থিত থাকে। একটি খেলার মাঠের অভাবে বিদ্যালয়ে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে সহশিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমনকি আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও করতে হয় দায়সারাভাবে অন্য কোনো প্রতিষ্ঠানের মাঠে। পাঠদান শুরুর আগে শিক্ষার্থীদের সমাবেশ শ্রেণিকক্ষেই আয়োজন করতে হয়।’

জেলা সদরের ঐতিহ্যবাহী মোহাম্মাদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের সমাবেশ করতে হয় শ্রেণিকক্ষে। একইভাবে কালিয়া হরিপুর ইউনিয়নের যমুনা বালি সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতেও একই অবস্থা।

মোহাম্মাদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বিলকিস খাতুন বলেন, ‘আমার বিদ্যালয়ে শিক্ষার্থী ২২৪ জন। এদের মধ্যে ৯০ ভাগ বিদ্যালয়ে উপস্থিত থাকে। তবে খেলাধুলার অভাবে শিশুরা অমনোযোগী হয়ে পড়ছে পড়াশোনায়। হীনম্মন্যতায় ভোগার পাশাপাশি বাধাগ্রস্ত হচ্ছে তাদের শারীরিক ও মানসিক বিকাশ। ভবিষ্যৎ প্রজন্মকে ভালোভাবে গড়ে তোলার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে খেলার মাঠ তৈরির দাবি জানান তিনি।

যমুনাবালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবুল হোসেন বলেন, ‘আমাদের বিদ্যালয়ে খেলার মাঠ না থাকায় আমরা ফুটবল খেলতে পারি না। অন্যদের মাঠে গিয়ে খেলতে হয়। শ্রেণিকক্ষ ছাড়া আমাদের আর কোনো খেলার জায়গা নেই।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মজিবুল হক আজাদ খান বলেন, শিশুর মানসিক বিকাশের জন্য খেলাধুলা অপরিহার্য। খেলাধুলা না করলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। ঘরের ভেতর বন্দী থেকে সে একসময় আত্মকেন্দ্রিক হয়ে ওঠে। জড়িয়ে পড়ে অপরাধ কর্মকাণ্ডে। খেলাধুলা না করলে নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও থাকে।