কক্সবাজারের উখিয়ায় এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত তিনটার দিকে সাহ্রি খেতে ওঠেন ওই গৃহবধূ। এ সময় মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করে। ধর্ষণের পাশাপাশি তাঁকে মারধরও করা হয়। আক্রান্ত গৃহবধূর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় প্রতিবেশীদের সামনেই মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ প্রথম আলোকে বলেন, নির্জন এলাকায় ওই ঘরে ভোররাতে সাহ্রি খেতে উঠেছিলেন ওই গৃহবধূ। দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের পর হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সুরতহাল প্রতিবেদনে গৃহবধূর শরীরে একাধিক জখমের চিহ্ন পাওয়া গেছে বলে ওসি নুর আহমদ জানিয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে এলাকায় অভিযান চালাচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
ওসি নুর আহমদ বলেন, জমিসংক্রান্ত বিষয় নিয়ে গৃহবধূর পরিবারের সঙ্গে প্রতিবেশীদের মামলা রয়েছে। বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড কি না, তার অনুসন্ধান চলছে।
গৃহবধূর স্বামী প্রবাসী। তাঁর বড় ভাই প্রথম আলোকে বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে তাঁর ভাইয়ের স্ত্রীকে পরিকল্পিতভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তাঁর মাথায় আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।