প্রসূতির পেটে তোয়ালে রেখে সেলাই, ২৪ দিন পর অপসারণ

দিনাজপুর জেলার মানচিত্র
দিনাজপুর জেলার মানচিত্র

দিনাজপুরের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলেসন্তানের জন্ম দেন মুক্তা বেগম (২৫) নামের এক প্রসূতি। সাত দিনের মাথায় ক্লিনিক থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে ফেরেন তিনি। কিন্তু তিনি পেটে ব্যথা অনুভব করছিলেন। হাসপাতালে ভর্তির পর আল্ট্রাসনোগ্রাম করে চিকিৎসক দেখেন, পেটে কিছু একটা আছে। অস্ত্রোপচারের পর তাঁর পেট থেকে ছোট একটি তোয়ালে (সিজারের অস্ত্রোপচারের সময় চিকিৎসকের হাত মোছার কাজে ব্যবহৃত কাপড়) অপসারণ করা হয়েছে।

ঘটনাটি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকার। ওই এলাকার রানীরবন্দর পলিটেক ক্লিনিক অ্যান্ড হাসপাতালে গত ৩০ নভেম্বর ওই প্রসূতির অস্ত্রোপচার করেন দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট রবিউল আলম। রানীরবন্দর পলিটেক ক্লিনিকের নিবন্ধন না থাকায় নাম বদলে ‘রানীরবন্দর ক্লিনিক’ নামে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছে প্রতিষ্ঠানটি।

ওই প্রসূতির অস্ত্রোপচারকারী চিকিৎসক রবিউল আলম বলেন, ‘অসাবধানবশত ঘটনাটি ঘটেছে। কোনো চিকিৎসকই ইচ্ছা করে এ কাজ করবেন না। মুক্তা বেগমকে আবার ক্লিনিকে ভর্তি হওয়ার জন্য বলা হয়েছিল। তিনি তা না করে জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। খোঁজ নিয়েছি, বর্তমানে তিনি সুস্থ আছেন।’

প্রসূতি মুক্তা বেগম দিনাজপুরের খানসামা উপজেলার মারগাও গ্রামের সেলিম মিয়ার স্ত্রী। ২৩ ডিসেম্বর পেটের যন্ত্রণা নিয়ে দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। পরের দিন অস্ত্রোপচার করে তাঁর পেট থেকে তোয়ালে অপসারণ করা হয়। ২৮ ডিসেম্বর তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। বর্তমানে মা ও নবজাতক দুজনই শঙ্কামুক্ত।

ভুক্তভোগী মুক্তা বেগম প্রথম আলোকে বলেন, ‘৩০ নভেম্বর রানীরবন্দর পলিটেক ক্লিনিকে আমার সিজার হয়। কয়েক দিন পর পেটের যন্ত্রণা শুরু হয়। ক্লিনিকে যোগাযোগ করলে তারা ওষুধ লিখে দেয় এবং আবার ভর্তি হতে বলে। পরে আমার স্বামী দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে আবার অপারেশন হয়। ডাক্তার পেটের ভেতর থেকে কাপড় বের করেছেন। কী যে যন্ত্রণা! আর যেন এ রকম কারও না হয়।’

দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মুক্তা বেগমের অস্ত্রোপচার করেছেন হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট শফিকুর রহমান। তিনি বলেন, অস্ত্রোপচারের সময় চিকিৎসকেরা হাত মোছার কাজে ছোট আকৃতির তোয়ালে ব্যবহার করেন। চিকিৎসাবিদ্যার ভাষায় বলা হয় ‘মাব’। অস্ত্রোপচারের সময় মাবগুলো গুনে নেওয়া হয়। অস্ত্রোপচার শেষে সেগুলো গুনে নেন নার্সরা। অসাবধানবশত হয়তো সেলাই করার সময় পেটের ভেতর একটি মাব থেকে গেছে। আল্ট্রাসনোগ্রাম করে পেটে ময়লার মতো কিছু একটা দেখতে পান তাঁরা। পরে অস্ত্রোপচার করে সেটি অপসারণ করা হয়। বর্তমানে ওই প্রসূতি শঙ্কামুক্ত।

রানীরবন্দর ক্লিনিকটি পরিচালনা করছেন রেজা ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি। ক্লিনিকের নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, পলিটেক ক্লিনিকের অনুমোদন নেই। পরে নাম পরিবর্তন করে রানীরবন্দর ক্লিনিক নামে অনুমোদন নেওয়া হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় বর্তমানে ৯৭টি বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল এবং ১০৮টি ডায়াগনস্টিক সেন্টার আছে। এর মধ্যে ডায়াগনস্টিক সেন্টারগুলোর নিবন্ধন থাকলেও ক্লিনিক ও হাসপাতালের নিবন্ধন আছে মাত্র ৬৪টির।

সিভিল সার্জন এ এইচ এম বোরহানুল ইসলাম সিদ্দিকী বলেন, রানীরবন্দরের ওই ক্লিনিকের ঘটনাটি তিনি শুনেছেন। ভুক্তভোগীদের অভিযোগ করতে বলা হয়েছিল। তবে অজ্ঞাত কারণে তাঁরা লিখিত অভিযোগ করেননি। রানীরবন্দর পলিটেক ক্লিনিকের নিবন্ধনের মেয়াদ শেষ হয়েছে। তবে রানীরবন্দর ক্লিনিক নামে নতুন করে নিবন্ধন নিয়ে তাঁরা আবার কার্যক্রম শুরু করেছেন। ওই প্রসূতি মায়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই অনুমোদনহীন ক্লিনিকগুলোতে অভিযান চালানো হবে।