ভোলায় মেঘনা নদীতে ১৫টি ট্রলারে ডাকাতি, ১৫ মাঝিকে অপহরণ

ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে ১৫টি মাছ ধরার ট্রলারে ডাকাতি করে ১৫ মাঝিকে অপহরণ করেছে জলদস্যুরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত চর জহিরউদ্দিন ও চর মোজাম্মল এলাকার পূর্ব মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

অপহৃত মাঝিদের প্রত্যেকের কাছে ৫০ হাজার টাকা দাবি করেছে জলদস্যুরা। তাঁরা ১৫টি ট্রলারে হামলা চালিয়ে শতাধিক জেলেকে নদীতে ফেলে দেয়। এ সময় ট্রলারের জাল, মাছ, মুঠোফোন ও টাকা লুট করা হয়। নদীতে ফেলে দেওয়া জেলেরা সাঁতরে ও অন্য ট্রলারের সাহায্যে আজ শুক্রবার বিকেলে ঘাটে ফিরে এসব তথ্য জানান। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী জেলেদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলেরা মেঘনা নদীতে জাল ফেলে অপেক্ষা করছিলেন। এ সময় জেলেদের অনেকে ঘুমিয়ে পড়েছিলেন। ঘুমন্ত জেলেদের মাছ ধরার ট্রলারে হামলা চালিয়ে প্রথমে পিটিয়ে জেলেদের নদীতে ফেলে দেয় লক্ষ্মীপুর-হাতিয়ার জলদস্যু বাহিনী। এ সময় অনেক জেলে ভয়ে নদীতে ঝাঁপ দেন। এ সময় জলদস্যুরা ট্রলারে থাকা মালামাল লুট করার পাশাপাশি প্রতিটি ট্রলারের মাঝিকে অপহরণ করে তাঁদের নৌকায় ওঠায়। যাওয়ার সময় দস্যুরা রেখে যাওয়া জেলেদের হাতে মুঠোফোন নম্বর দিয়ে যায়।

আড়তদারেরা জানান, অপহৃত জেলেদের মধ্যে সিরাজ মেম্বারের আড়তের আবদুল হান্নান, মহিউদ্দিন পোদ্দারের আড়তের মো. লোকমান, আমিন মহাজনের আড়তের মিরাজুল ইসলাম, বাবুল মীরের আড়তের আবুল হাশেম, মনির তালুকদারের আড়তের আরিফুর রহমান, মিজান দালালের আড়তের মো. আলাউদ্দিন ও হাসান, নূরনবী দালালের আড়তের সালাউদ্দিন, আলাউদ্দিন দালালের আড়তের ইউসুফসহ ১৫ মাঝিকে মুক্তিপণের দাবিতে দস্যুদের ট্রলারে তুলে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। তাঁরা সবাই উপজেলার মহিষখালী ও শশীগঞ্জ মাছঘাটের মাঝি।

আড়তদারেরা আরও জানান, নদীতে ফেলে দেওয়া ১২০ জেলে সাঁতরে ও অন্য ট্রলারের সাহায্যে গতকাল বিকেলে ঘাটে ফিরে হামলার খবর দেন। যাঁরা ফিরে এসেছেন, তাঁদের মধ্যে জলদস্যুদের হামলা ও মারপিটে ২০ জনের মতো আহত হয়েছেন। আহত ব্যক্তির মধ্যে রফিকুল ইসলাম, আবদুল মান্নান, নুরে আলম, মিরাজুল ইসলাম, আবুল কালাম তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

হাকিমুদ্দিন নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শরিফুল ইসলাম বলেন, আড়তদার ও জেলেদের মাধ্যমে ১৫ মাছ ধরার ট্রলারে ডাকাতি ও ১৫ জেলেকে অপহরণের খবর শুনেছেন। তাঁদের অভিযান অব্যাহত আছে। তবে এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।