দাদির জানাজায় ভিডিও কলে বক্তব্য দেন ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। আজ শনিবার বিকেল পাঁচটায় সখীপুরের সূর্যতরুণ শিক্ষাঙ্গন স্কুল অ্যান্ড কলেজ মাঠে
দাদির জানাজায় ভিডিও কলে বক্তব্য দেন ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। আজ শনিবার বিকেল পাঁচটায় সখীপুরের সূর্যতরুণ শিক্ষাঙ্গন স্কুল অ্যান্ড কলেজ মাঠে

দাদির জানাজায় ভিডিও কলে বক্তব্য দিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি অনুপম

টাঙ্গাইল-৮ (সখীপুর–বাসাইল) আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) অনুপম শাহজাহান জয়ের দাদি আখতার জাহানের (৯৮) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার বিকেলে সখীপুরের সূর্যতরুণ শিক্ষাঙ্গন স্কুল অ্যান্ড কলেজ মাঠে তাঁর জানাজা হয়। জানাজার আগে ফোনে ভিডিও কলে দাদির জন্য মুসল্লিদের কাছে দোয়া চান ভারতে অবস্থানরত অনুপম।

জানাজার আগে প্রথমে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম। পরে স্থানীয় তালুকদার বংশের পক্ষ থেকে বক্তব্য দেন সখীপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি তাহেরুল ইসলাম তালুকদার।

এরপর ভিডিও কলে যুক্ত হন অনুপম। মাইকে তাঁর বক্তব্য উপস্থিত মুসল্লিদের শোনানো হয়। প্রায় পৌনে চার মিনিটের বক্তব্যে কান্নাজড়িত কণ্ঠে দাদির জন্য সবার কাছে দোয়া চান অনুপম। তিনি বলেন, সর্বশেষ ১৯ সেপ্টেম্বর ফোনে দাদির সঙ্গে তাঁর কথা হয়েছিল। তখন দাদি তাঁকে বলেছিলেন, ‘দাদু, তোমার সঙ্গে কি আমার আর কখনো দেখা হবে না?’ জবাবে অনুপম বলেছিলেন, ‘আগামী শীতে তোমার সঙ্গে অবশ্যই দেখা হবে।’

অনুপম তাঁর বক্তব্যে টাঙ্গাইল-৮ আসনের বর্তমান সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, রাজনীতির যে সৌন্দর্য ও সৌজন্যতা তিনি দেখিয়েছেন, এ জন্য তাঁকে ধন্যবাদ।

২০২৪ সালের ৫ আগস্ট (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অনুপম ও তাঁর চাচা সখীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল প্রকাশ্যে নেই। স্থানীয় সূত্রের দাবি, অনুপম বর্তমানে ভারতে অবস্থান করছেন। আর জুলফিকার হায়দার দেশেই আত্মগোপনে রয়েছেন।

জুলাই গণ–অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার অভিযোগে অনুপম ও জুলফিকার হায়দারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

আখতার জাহানের স্বামী ছিলেন সখীপুর উপজেলার বৃহত্তর গজারিয়া ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান প্রয়াত মোখতার আলী তালুকদার। তাঁদের বড় ছেলে শওকত মোমেন শাহজাহান টাঙ্গাইল-৮ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। বাবা শওকত মোমেনের মৃত্যুর পর এই আসন থেকে নির্বাচিত হন ছেলে অনুপম শাহজাহান জয়।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান আখতার জাহান। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পাঁচ দিন আগে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

জানাজায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের বেশ কয়েকজন নেতা-কর্মী এবং বিএনপি ও কৃষক শ্রমিক জনতা লীগের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। জানাজা শেষে মাগরিবের নামাজের আগে পারিবারিক কবরস্থানে আখতার জাহানকে দাফন করা হয়।

এর আগে আজ বেলা দুইটার দিকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের গ্রামের বাড়িতে যান। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পরে আখতার জাহানের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন।