
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৪১ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক করা হয়েছে বিলুপ্ত কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি সাখাওয়াত হোসেন খানকে। সদস্যসচিব করা হয়েছে আবু আল ইউসুফকে। তিনি বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
আজ মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব মামুন মাহমুদও। কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে জাকির হোসেন, সরকার হুমায়ন, আবদুস সবুর, নুরুদ্দীন, আতাউর রহমান, মনির হোসেন, আনোয়ার হোসেন, ফতেহ মো. রেজা রিপন, এম এইচ মামুন, আবুল কাউসারকে।
সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আলোচিত সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী। ২০১৬ সালের ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর কাছে পরাজিত হন সাখাওয়াত হোসেন।
আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন রফিক আহম্মদ, ফারুক হোসেন, আওলাদ হোসেন, শওকত হাসেম, হাসান আহমাদ, মাহাবুব উল্লাহ, মাসুদ রানা, মজিবর রহমান, মাকিদ মোস্তাকিন, রাশিদা জামাল, এইচ এম আনোয়ার প্রধান, হান্নান সরকার, বিল্লাল হোসেন, হাবিবুর রহমান, হাবিবুর রহমান, মনোয়ার হোসেন, বরকত উল্লাহ, আলমগীর হোসেন, আনিসুর রহমান, শহিদুল ইসলাম, আমিনুর ইসলাম, ফারুক আহম্মদ, মাহমুদুর রহমান, শরিফুল ইসলাম, শাখাওয়াতুল ইসলাম, ফারুক হোসেন, কামরুল হাসান, হুমায়ন কবির ও শাহিন আহম্মদ।
মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণার প্রতিক্রিয়া জানতে চাইলে সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আস্থা রেখে আমাকে এই দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। আমার প্রথম কাজ হবে দলকে সুসংগঠিত করা। গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলন গড়ে তোলা।’
২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের বিএনপির তিনবারের সংসদ সদস্য আবুল কালামকে সভাপতি এবং এ টি এম কামালকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরে ২০১৯ সালের ৩০ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এই কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হলো।