
ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপন করা হলো খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। আজ শুক্রবার সকালে ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে (কালজয়ী মুজিব) শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। পরে হাদী চত্বরে আনুষ্ঠানিকভাবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহমুদ হোসেন।
এ বছর খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রমের ৩২ বছর পূর্ণ করেছে, পদার্পণ করেছে ৩৩ বছরে। ১৯৯০ সালের জুলাই মাসে জাতীয় সংসদে ‘খুলনা বিশ্ববিদ্যালয় আইন-১৯৯০’ পাস হয়, যা গেজেট আকারে প্রকাশ হয় ওই বছরের ৩১ জুলাই। এরপর ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে ৪টি ডিসিপ্লিনে ৮০ জন ছাত্রছাত্রী নিয়ে যাত্রা শুরু হয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের। ২৫ নভেম্বর শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর পর থেকে প্রতিবছর ২৫ নভেম্বর দিনটি খুলনা বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্যাপিত হয়ে আসছে।
দেশে বধ্যভূমির ওপর স্থাপিত একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ১৯৯১ সালে শিক্ষা কার্যক্রমের শুরুতে প্রথম ব্যাচের শিক্ষার্থীরা এই ক্যাম্পাস ছাত্ররাজনীতিমুক্ত রাখার যে অঙ্গীকার করেছিলেন, তা ৩২ বছর ধরে পালিত হচ্ছে। এটা অনন্য নজির।মাহমুদ হোসেন, উপাচার্য, খুলনা বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হওয়ার আগে এক সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য মাহমুদ হোসেন বলেন, এ বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিরলস প্রচেষ্টায় দেশ-বিদেশে সাফল্যগাথা তৈরিতে সক্ষম হয়েছে। দেশে বধ্যভূমির ওপর স্থাপিত একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ১৯৯১ সালে শিক্ষা কার্যক্রমের শুরুতে প্রথম ব্যাচের শিক্ষার্থীরা এই ক্যাম্পাস ছাত্ররাজনীতিমুক্ত রাখার যে অঙ্গীকার করেছিলেন, তা ৩২ বছর ধরে পালিত হচ্ছে। এটা অনন্য নজির। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান বিশ্বমানে পৌঁছানো, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি এবং নতুন নতুন উদ্ভাবনার মাধ্যমে দেশ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয় নতুন লক্ষ্য নির্ধারণ করেছে।
শোভাযাত্রাটি হাদী চত্বরে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার হাদী চত্বরে গিয়ে শেষ হয়। পরে বর্তমান মেডিকেল সেন্টারসংলগ্ন স্থানে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে গ্রিন ক্যাম্পাসে পরিণত করতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন করেন উপাচার্য।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল—মুক্তমঞ্চে গত বছরের অর্জন ও আগামী বছরের পরিকল্পনা উপস্থাপন, বিগত বছরের কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সংগঠনকে সম্মাননা প্রদান, স্মরণিকা প্রকাশ এবং সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।