কৃষকেরা বলেন, সামনের বর্ষায় আবার মাটি গিয়ে পড়বে নদের মধ্যেই। ফলে খনন কোনো কাজেই আসবে না। তাঁরা উল্টো ক্ষতিগ্রস্ত হবেন।

ময়মনসিংহের ভালুকা উপজেলায় খিরু নদ খনন করে সে মাটি পাড়ের সরকারি জমিতে না ফেলে নদের মধ্যেই ফেলা হচ্ছে। স্থানীয় লোকজন বলেন, আর কয়েক দিন পর বর্ষাকাল শুরু হবে। বৃষ্টির পানিতে আবার মাটি পড়ে নদ ভরাট হয়ে যাবে। ফলে কোটি কোটি টাকা খরচ করে খননকাজ করা হলেও তাঁরা কোনো সুফল পাবেন না।
এ ছাড়া কিছু এলাকায় নদ খননের মাটি কৃষকের ব্যক্তিমালিকানাধীন জমিতেও ফেলা হচ্ছে। এতে বোরো মৌসুমে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হন।
গত রবি ও সোমবার ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন এলাকায় গিয়ে দেখা গেছে, নদের মধ্যে মাটির উঁচু ঢিবি। দেখলে মনে হবে, মাটির রাস্তা চলে গেছে নদের মধ্য দিয়ে। নদের মধ্যে মাটি ফেলায় এর এক পাশে পানির প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে। নদের ওই অংশ দেখলে মনে হবে সরু নালা।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রমজান মাসে ও এর আগে খনন করা অংশের মাটি বেশি ফেলা হয়েছে আশপাশের কৃষকের জমিতে, তখন ছিল বোরো ধানের মৌসুম। এভাবে মাটি ফেলার কারণে অনেক কৃষক ফসলও ঘরে তুলতে পারেননি। মাটি ফেলতে ফেলতে খেতে উঁচু ঢিবি হয়ে গিয়েছিল। এখন সে মাটি সমান করে আবার ধান আবাদ করতে অনেক কষ্ট হবে কৃষকদের।
* কিছু এলাকায় নদ খননের মাটি কৃষকের ব্যক্তিমালিকানাধীন জমিতেও ফেলা হয়েছে। * ২৪ কিলোমিটার নদ খননের কাজে ব্যয় হচ্ছে ১৫ কোটি ৫ লাখ টাকা
তাঁরা আরও বলেন, ঈদের পর গত সপ্তাহে কাজ শুরু হয়েছে ভালুকা সরকারি হাসপাতালের সেতু থেকে ভাটির দিকে। সে মাটি ফেলা হচ্ছে খিরু নদে। সামনের বর্ষায় আবার মাটি গিয়ে পড়বে নদের মধ্যেই। ফলে খনন কোনো কাজেই আসবে না। ঠিকাদারকে বললেও তিনি কোনো কর্ণপাত করছেন না।
ভান্ডাব গ্রামের কৃষক মো. একাব্বর বলেন, ইজারা নিয়ে ৫৬ শতাংশ জমিতে বোরো ধান আবাদ করেছিলেন। কিন্তু এক রাতেই তাঁর সব জমির ধানগাছ মাটি ফেলে নষ্ট করে দেন ঠিকাদারের লোকজন। এক মণ ধানও পাননি তিনি। ধান আবাদে খরচ হয়েছিল প্রায় ২৮ হাজার টাকা। সারা বছরের নিজেরদের খাবার ও গরুর খাবার নিয়ে এখন দুশ্চিন্তায় আছেন তিনি।
একই অবস্থা পাশের জমির মালিক মাইন উদ্দিনের। তিনি বলেন, ধানের ক্ষতি তো হয়েছেই। এখন ওই জমিতে ফেলা মাটি সমান করতে গেলে আরও ২৫ থেকে ৩০ হাজার টাকা গচ্চা দিতে হবে। এর ক্ষতিপূরণ কে দেবে?
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাউবোর তত্ত্বাবধানে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ঘূর্ণিঘাটের সেতু থেকে রাজৈ ইউনিয়নের কাপরগড় শিমুলতলী পর্যন্ত ২৪ দশমিক ৩ কিলোমিটার খিরু নদ খনন করা হচ্ছে। ১৫ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে খননের কাজটি পেয়েছে মেসার্স ইসলাম ট্রেডিং ন্যাচারাল (জেভি) নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত ২১ জানুয়ারি উপজেলার পারুলদিয়া বাজার এলাকায় খননকাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ। নিয়ম অনুযায়ী, খনন করা মাটি পাড়ের সরকারি জমিতে ফেলতে হবে।
ঠিকাদার আরিফুল ইসলাম বলেন, খিরু নদের প্রস্থ সব জায়গায় এক সমান নয়। তেমনি সব জায়গায় একই পরিমাণ পলি পড়েনি। যেখানে ভরাট বেশি হয়েছে, সেখানে খনন করা মাটিও বেশি হয়েছে। তাই মাটি নদের পাড়ের সরকারি জমির বাইরে গিয়ে পড়েছে। এতে হয়তো ধানের ক্ষতি হয়েছে। তাঁদের কাজে কোনো গাফিলতি নেই। খনন করা সব মাটি নদের পাড়ে সরকারি জমিতে ফেলা হবে।
খিরু নদ খননকাজে তদারক করছেন ময়মনসিংহের পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী গৌতম বিশ্বাস। তিনি বলেন, ৪০ থেকে ৫০ শতাংশ খিরু নদ খননের কাজ শেষ হয়েছে। নদের কিছু কিছু জায়গার মাটি খুবই নরম। ফলে খননযন্ত্র দিয়ে মাটি তুলে নদের মধ্যে ওই সব স্থানে রাখা হচ্ছে। রোদে শুকিয়ে শক্ত হলে ওই সব মাটি নদের পাড়ে সরিয়ে ফেলা হবে।
পাউবোর ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী আখলাকুল জামিল বলেন, মৌজায় নদের মানচিত্র অনুযায়ী ঠিকাদারকে মাটি ফেলতে হবে। গাফিলতি ধরা পড়লে বিল আটকে দেওয়া হবে।